২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: টঙ্গীতে ৪ কারখানাকে জরিমানা

তুরাগ দূষণের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে চারটি কারখানাকে ৮০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 07:40 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোবাবার অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, টঙ্গীর বিসিক শিল্প নগরীর চারটি ওয়াশিং কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকায় তলব করে শুনানি করা হয়। পরে তাদের জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি সরকার ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) সংলগ্ন তুরাগ নদীতে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে এম অ্যান্ড এম ওয়াশিং অ্যান্ড ডাইং মিলস, কালার মার্ক ওয়াশিং লিমিটেড, ইউনিক টেক্সটাইল মিলস লিমিটেড ও লন্ডি গেইট (প্রা.) লিমিটেড  (হোসেন ওয়াশিং অ্যান্ড ডাইং) এর  প্রতিটিকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

গত ৯ ডিসেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব টঙ্গী বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিভিন্ন ধরনের ইটিপিবিহীন কারখানা পরিদর্শন করেন এবং ওই কারখানা চারটি সিলগালা করে দেন।