আইএইচটি শিক্ষার্থীদের মারধর, ৪ পুলিশ বরখাস্ত
বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় কোতোয়ালি মডেল থানার চার কনস্টেবলকে সাময়িক বরখাস্ত এবং ওসিসহ তিন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
রোববার এ বিষয়টি নিশ্চিত করেন বরিশাল নগর পুলিশের উপ-কমিশনার (সদর) শোয়েব আহম্মেদ।
সাময়িক বরখাস্ত চার কনস্টেবল হলেন মনোয়ার হোসেন, মো. খলিল, মো. রফিক ও নূরে আলম।
আর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন, আরআই আবু জাফর ও মহিলা ব্যারাকের ইনচার্জ সরোয়ার হোসেনকে।
গত ৩ ডিসেম্বর ১০ দফা দাবিতে নগরীর বান্দরোড অবরোধ করে আইএইচটির শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিপেটা করে।
এসময় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে মারমুখী হয় পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশসহ আহত হয় ২৫ জন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ শিক্ষার্থীকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।
এ ঘটনায় নগর পুলিশের উপ-কমিশনার শোয়েব আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রধান শোয়েব আহম্মেদ বলেন, আইএইচটি শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ায় পুলিশ কিছুটা বড়াবাড়ি করেছে।তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত ও কোতোয়ালি থানার ওসিসহ তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
