চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্ষপূর্তি
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
শনিবার দুপুরে বন্দরনগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম প্রেসক্লাবের ৫২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
ইকবাল সোবহান বলেন, স্বাধীনতার শত্রুরা দেশকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করেছে। কিন্তু শান্তিকামী মানুষ তাদের প্রতিরোধ করেছে। মানুষ প্রতিক্রিয়াশীলদের ষড়যন্ত্র রুখে দিলে বাংলাদেশ এগিয়ে যাবে।
“মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে হবে, সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবকে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক আন্দোলনের সূতিকাগার’ হিসেবে আখ্যায়িত করেন ‘দ্য অবজারভার’ পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক মহসিন কাজী।
অনুষ্ঠানের প্রথম পর্বে কৃতি সাংবাদিক হিসেবে দৈনিক আজাদীর সহকারী সম্পাদক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ, প্রবীণ সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী ও মুক্তিযোদ্ধা সাংবাদিক পংকজ কুমার দস্তিদারকে সম্মাননা দেয়া হয়।
বিশিষ্ট লেখিকা রমা চৌধুরীকে গুণীজন সম্মাননা এবং গত ৫২ বছর চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সাংবাদিকদের বিশেষ সম্মাননাও দেয়া হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সেরা প্রতিবেদক ও ফটো সাংবাদিকদের পুরস্কৃত করা হয় এসময়।
বিকালে ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারদের নিয়ে হয় ‘ফ্যামিলি নাইট’। দ্বিতীয় পর্বের এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল র্যাফেল ড্র।
