চট্টগ্রামে বৌদ্ধ যুব উৎসব বৃহস্পতিবার
প্রথমবারের মতো আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে দুই দিনব্যাপি বৌদ্ধ যুব উৎসব।
এর আগে ২০১০ ও ২০১২ সালে ঢাকায় বৌদ্ধ যুব উৎসব হয়েছিল।
শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উৎসবের আয়োজক বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপ, বাংলাদেশের উৎসব কমিটির চেয়ারম্যান অভিজিৎ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর মুসলিম হলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত থাকবেন ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারার খ্যাত হিমালয় জয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন।
উৎসবের প্রথম দিন থাকবে ওয়াসফিয়া নাজরিনের সাথে আড্ডা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৌদ্ধ লোক সঙ্গীত।
শুক্রবার সকাল ৯টায় কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে।
এরপর থাকবে ফটোগ্রাফি ও পোর্টফোলিও বিষয়ক সেমিনার, যুব আড্ডা, ফ্রিল্যান্সিং বিষয়ে সেমিনার, সফল উদ্যোক্তা-পেশাজীবী ও সমাজকর্মীদের সাথে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন পার্থ বড়ুয়া, নিশিতা বড়ুয়া ও বৃষ্টি মুৎসুদ্দি।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।
এবারের উৎসবে ঢাকা, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে প্রায় এক হাজার যুবক-যুবতী অংশ নেবেন বলে আয়োজকরা জানান।
উৎসবের টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি গ্রুপ। আর কো-স্পন্সর ওমিকন গ্রুপ, ওয়েল গ্রুপ, ক্যামব্রিয়ান কলেজ ও নর্দার্ন ইউনিভার্সিটি।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এটিএন বাংলা ও রেডিও টুডে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উৎসব কমিটির সদস্য সচিব সজীব চৌধুরী, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইয়িদ সিরাজুল ইসলাম ও নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান চৌধুরী।
