রংপুরে দুজনের কব্জি, রগ কাটলো দুর্বৃত্তরা
রংপুরে মাদকবিরোধী দুই কর্মীর কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।
কোতয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, জলচ্ছত্র মাদক প্রতিরোধ কমিটির সদস্য আহত রমজান আলী (২৮) ও আব্দুস সামাদকে (২৯) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে সিটি করপোরেশনের চওড়ার হাট এলাকায় স্থানীয় মাদক বিক্রেতা আব্দুল মান্নানের নেতৃত্বে একদল সশস্ত্র লোক তাদের উপর হামলা করে।
বিকালে রমজানের বাবা মঞ্জুম আলী বাদী হয়ে এলাকায় ‘ডাইল’খ্যাত মান্নানসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন।
মামলার বরাত দিয়ে আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে রমজান ও সামাদ মোটরসাইকেলে করে শহরের জলচ্ছত্র এলাকা থেকে চওড়ার হাট যাচ্ছিলেন।
হাটের কাছাকাছি পৌঁছালে মাদকবিক্রেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ৪/৫ জন লোক ধারালে অস্ত্র দিয়ে রমজানের ডান হাতের কব্জি এবং সামাদের ডান পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় একরামুল ও রানা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই সালাম।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক আব্দুল কাদের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে রমজানের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার মাথা ও বাম হাতেও মারাত্মক জখম রয়েছে।”
জলচ্ছত্র মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক হারাধন চন্দ্র রায় হারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলচ্ছত্র এলাকার আব্দুল মান্নান ওরফে ডাইল মান্নান চওড়ার হাটের অজিয়ারকে নিয়ে এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা গড়ে তুললে এলাকায় চুরি ছিনতাই বেড়ে যায়।
“দুমাস আগে পুলিশ সুপার ও সিটি করপোরেশনের মেয়রের নির্দেশে এলাকায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এর পর থেকে এলাকায় মাদক সেবনকারীদের আনাগোনা কমে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে ডাইল মান্নান।”
