চট্টগ্রামে অপহৃত লেগুনা চালক উদ্ধার
চট্টগ্রামে অপহৃত হওয়ার দশ ঘন্টার মাথায় এক লেগুনা চালককে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর ইপিজেড থানার নিউমুরিং সংলগ্ন চৌধুরী মার্কেটের পেছন থেকে ওমর ফারুক (২৬) নামের ওই লেগুনা চালককে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ওমর ফারুক চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলাবহা গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র।
ইপিজেড থানার ওসি আবুল মনছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বিকাল ৪টার দিকে বন্দরটিলা এলাকায় ফারুকের লেগুনা নষ্ট হবার পর মেরামতের সময় তাকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা।”
“এর পরপরই অপহরণকারীরা ফারুকের চাচার কাছ থেকে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় চাচা মো. জামিল থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তার চারজন হলেন- মো. ইমরান (২৪), মিজানুর রহমান (২৭), মো. মহিউদ্দিন(২৩) ও মো. বাবুল(৪০)।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল মনছুর।
