কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত, পারাপারে দুর্ভোগ
ঘন কুয়াশার কারণে গত চারদিন ধরে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গত মঙ্গলবার থেকে প্রতিদিন রাতে ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ফেরি বন্ধ রাখতে হয়। এ কারণে পারাপারের জন্য দুই ঘাটে কয়েকশ যানবাহন আটকে থাকে।
সাধারণত গভীর রাত ও ভোরে কুয়াশা পড়লেও এবার সন্ধ্যা রাত থেকেই ঘন কুয়াশা দেখা যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত পৌনে ১১ ঘণ্টা, বুধবার সকাল ১০টা পর্যন্ত সাড়ে ১২ ঘণ্টা, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে ১৪ ঘণ্টা এবং বৃহস্পতিবার রাত ১১টা থেকে প্রায় এক ঘণ্টা দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হচ্ছে।
এ কারণে প্রতিদিনই পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন বাড়ছে। দুটি রো রো ফেরিসহ ১৬টি ফেরি স্বাভাবিকভাবে চলাচল করেও কুলিয়ে উঠতে পারছে না।
এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপও তুলনামূলকভাবে বেশি।
গত চারদিন ধরে দুপাড়ে অন্তত সাড়ে ৭শ করে যান আটকা থাকছে বলে তিনি জানান।
শিমুলিয়ার নতুন ফেরি ঘাটে ভোগান্তি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় নতুন ফেরি ঘাটের অবস্থা বেহাল হয়ে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
শুক্রবার সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, গত কয়েক দিন ধরে চলাচল ব্যাহত হওয়ায় এখানে বিড়ম্বনার যেন অন্ত নেই। যানজট লেগেই আছে।
তাছাড়া মাওয়া চৌরাস্তা থেকে লৌহজংয়ের রাস্তায় শিমুলিয়া ঘাটের সংযোগ সড়কটি সরু এবং ২ কিলোমিটার রাস্তায় উন্নয়নের কাজ চলায় যান চলছে একমুখী।
ঢাকা থেকে আসা যাত্রীবাহী যানবাহনগুলোকে আটকে দেওয়া হচ্ছে মাওয়া চৌরাস্তায়। এ সময় শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলো চলাচল করছে।
এত দীর্ঘ সময় যাত্রীদের এ দুই পয়েন্টে অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে ঘাটে পণ্যবাহী ট্রাকের অবস্থা আরও শোচনীয়। গত চারদিনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকসহ অন্যান্য স্টাফরা।
ট্রাক চালক শাহীন আলম জানান, তিনি ট্রাকটিতে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা থেকে কাঁচা মাল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার দুপুরে শিমুলিয়া ঘাটে পৌঁছেন।
রাসেল নামে আরেক ট্রাক চালকও প্রায় একই কথা বললেন।
তিনি চট্টগ্রাম থেকে পাম অয়েল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তিন দিন আগে। শিমুলিয়া ঘাটে এসে পারাপারের জন্য অপেক্ষা করছেন। কখন পার হতে পারবেন তার ঠিক নেই।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, রাস্তা নির্মাণ কাজ চলছে। শিগগিরই সমস্যার সমাধান হবে। এছাড়া বিড়ম্বনা রোধেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে প্রাকৃতিক কারণে বিশেষ করে এখন ঘন কুয়াশার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে, যেখানে করার তেমন কিছু নেই।
