২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী মরুক, অপারেশন সাকসেসফুল: সুরঞ্জিত

ট্যাংকার দুর্ঘটনায় সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার পর সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 04:03 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শুক্রবার বঙ্গবন্ধু একাডেমীর এক আলোচনা সভায় তিনি বলেন, বিশ্বঐতিহ্য সুন্দরবন নিয়ে নৌ-মন্ত্রণালয় ‘এতখানি উদাসীনতা’ দেখাবে- তা তিনি আশা করেননি।

অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী স্থানীয় গ্রামবাসীকে নিয়ে যেভাবে স্পঞ্জ ও চটের বস্তা দিয়ে তেল সরানোর কাজ চলছে, তাকে সুরঞ্জিত তুলনা করেছেন ‘রোগীর মৃত্যুর পর অস্ত্রোপচার সফল হওয়ার দাবি’ করার সঙ্গে। 

তিনি বলেন, “চারদিন পর কান্ডারি-১০ গেছে। জাহাজটাকে একটা পাড়ে নিয়া রাখছে। কিছু তেল বাঁচছে, আর কিছু ভাইস্যা গেছে। নৌ মন্ত্রণালয় শুনেই করল কি, যেই ঘটনা ঘটছে, তারা একটা তদন্ত কমিটি গঠন করে দিল। মুখস্থ শিখে রাখছে। যাই হোক, তদন্ত।”

সুরঞ্জিতের মতে, গত মঙ্গলবার আরেকটি জাহাজের ধাক্কায় ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকারটি ডুবে যাওয়ার খবর যখন এলো- তখনই নৌবাহিনীকে ডাকা উচিৎ ছিল।

“নেভিই একমাত্র তাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে তেল ছড়ানো ঠেকাতে পারত।”

সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন।

“সুন্দরবন একটা বিশ্ব ঐতিহ্যের জায়গা। এই নদীটা দিয়ে কেন যেতে হবে? এটা ছাড়াওতো আরও নদী আছে নাকি? একটু ঘুরে আসতে হত এই যা। এই রিস্কটা আমরা কেন নেই?”

সুরঞ্জিত বলেন, যা ঘটেছে তা ‘ব্যর্থতা’ নয়, ‘উদাসীনতা’।

“সুন্দরবন আমাদের জাতীয় অহঙ্কার। রয়েল বেঙ্গল টাইগারসহ অনেক প্রাণী এখানে বাস করে। এই ব্যাপারে আরো সাবধান হতে হবে। এই বিপর্যয়টা জাতীয় বিপর্যয়ে সীমাবদ্ধ থাকবে না। এটা বিশ্ব পরিবেশ বিপর্যয়ের রূপ ধারণ করবে।”

দুর্ঘটনার তিন দিন পর শুক্রবার সকালে স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে হাঁড়ি-পাতিল নিয়ে নদীতে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ শুরু করেছে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির ঠিকাদার ওই তেল স্থানীয়দের কাছ থেকে ৩০ টাকা লিটার দরে কিনে নিচ্ছে।

সুরঞ্জিত বলেন, “চেয়ারম্যান সাহেব (বিআইডব্লিউটিএ) বললেন, অসুবিধা নাই; তেল লইয়া যাইব পাবলিকে। আর আমরা কিন্না নিমু। ব্যাপারটা বেশি সহজীকরণ হয়ে গেল না? পাবলিক কেমনে নিব? কয় স্পঞ্জ দিয়া নিব?

“এই ব্যাপারটায় আরো গুরুত্ব দেওয়া উচিত। বললেন, ‘আরো খবর আছে’। কি খবর? তেল কিছু রইয়া গেছে। তার মানে কি? অপারেশন সাকসেসফুল পেশেন্ট ডেইয়েড।”

সুরঞ্জিত বলেন, “কেমন দাবি চিন্তা করেন, রোগী মরে মরুক। অপারেশন সাকসেসফুল!”

এই আওয়ামী লীগ নেতা বলেন, সুন্দরবনে অবাধে জাহাজ চলাচল করতে না দিলেই এ ‘বিপর্যয়’ এড়ানো যেত।