সামর্থ্য থাকলেই বিদ্যুতের ‘যথেচ্ছ’ ব্যবহার নয়: রাষ্ট্রপতি
ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে ‘যথেচ্ছ’ বিদ্যুৎ ব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জনিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।
তিনি বলেছেন,“আমাদের দায়বদ্ধতা থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে। আমাদের মনে রাখতে হবে বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল কার্যক্রম। এতে প্রচুর অর্থ বিনিয়োগের প্রয়োজন পড়ে।
“সামর্থ্য থাকলেই যথেচ্ছ বিদ্যুৎ ব্যবহার করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের কথা ভেবে বিদ্যুৎ ব্যবহারে আমাদের সাশ্রয়ী হতে হবে।”
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ মেলা ও জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন,“বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ এবং উন্নয়নের অপরিহার্য উপাদান। দেশের সার্বিক উন্নয়নে তাই বিদ্যুৎ উৎপাদন যেমন জরুরি তেমনি এর সাশ্রয়ী ব্যবহারও গুরুত্বপূর্ণ। আমি আশা করি, বিদ্যুৎ সপ্তাহ পালনের মাধ্যমে জনগণ একদিকে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবেন অন্যদিকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী ও সচেতন হবেন।”
তিনি বলেন,“জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।”
বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন,“বিদ্যুৎ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি।
“এ পর্যন্ত ৩ লক্ষ ৩ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে,যার মধ্যে বিগত ৬ বছরে নির্মিত হয়েছে ৪৩ হাজার কিলোমিটার লাইন। এ লাইনের মাধ্যমে ১ কোটি ৫৬ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে জেনে আমি খুশি হয়েছি।
“বর্তমানে দেশের ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। অবশিষ্ট জনগোষ্ঠীর মাঝে ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর লক্ষ্যে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। এ লক্ষ্য পূরণে বিদ্যমান লাইনের পাশাপাশি আরও প্রায় ২ লক্ষ কিলোমিটার লাইন নির্মাণের একটি মহাপরিকল্পনা সরকার বাস্তবায়ন করছে।
“এ ছাড়াও বিদ্যুৎ খাতে সঞ্চালন ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমি আশা করি সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা দেশের সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধা প্রদানসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হবো।”
বিদ্যুত উৎপাদনে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে আবদুল হামিদ বলেন, “পল্লী এলাকায় কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন,বিদ্যুৎ সুবিধা বঞ্চিত গ্রামে নতুন বিদ্যুৎ লাইন সংযোগসহ ‘সবার জন্য বিদ্যুৎ’ কর্মসূচি বাস্তবায়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য।”
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম,বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে বিদ্যুৎ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন রাষ্ট্রপতি।
