২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল দূষণ নিয়ন্ত্রণে সুন্দরবনের দিকে কান্ডারি-১০

তেলের ট্যাংকার ডুবে সুন্দরবনের শেলা নদীতে ছড়িয়ে পড়া জ্বালানি তেলের দূষণ নিয়ন্ত্রণে ১০ হাজার লিটার রাসায়নিক নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়েছে কান্ডারি-১০ নামের একটি জাহাজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 08:29 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পুরনো খবর:

ট্যাংকার ডুবে সুন্দরবনের জলে ভাসছে তেল
সুন্দরবনে ট্যাংকার ডুবি, ছড়িয়ে পড়ছে তেল

বুধবার বেলা ১টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়েছে বলে চট্টগ্রাম বন্দরের বোর্ড সদস্য কমোডোর এম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “জাহাজটি বৃহস্পতিবার ভোরের দিকে  কান্ডারি-১০ শেলা নদীতে পৌঁছাবে। প্রায় ১০ হাজার লিটার ‘ওয়েল ডিসপারসেন্ট’ নিয়ে রওনা হয়েছে।

“এই রাসায়নিক পানির উপরিতলে ভাসমান তেলের ওপর ছড়িয়ে দেয়া হবে। এতে রাসায়নিক বিক্রিয়ায় ভাসমান তেল নিস্ক্রিয় হয়ে অবশেষ তলদেশে নেমে যাবে।”

মঙ্গলবার ভোর ৫টার দিকে সুন্দরবনের শেলা নদীতে ‘টোটাল’ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টার-৭ নামের তেলবাহী ট্যাঙ্কারের একপাশের খোল ফেটে যায় এবং সেটি ডুবতে শুরু করে।

ট্যাঙ্কারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনায় পদ্মা অয়েল ডিপো খেকে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল।

ওই ট্যাঙ্কারে থাকা প্রায় সব তেল বেরিয়ে মঙ্গলবার সুন্দরবনের শেলা নদীর অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে বলে বন কর্মকর্তারা জানান।

সাগরে ছড়িয়ে পড়া তেলের দূষণ নিয়ন্ত্রণ করতে চট্টগ্রাম বন্দরে আরো দুটি জাহাজ রয়েছে। এদের মধ্যে ছোট আকারের জাহাজটির নাম ‘বে ক্লিনার-২’, যেটি পানিতে ভাসমান তেল শুষে নিতে পারে।

কান্ডারি-১১’র কাজও শেলা নদীতে দূষণ রোধে পাঠানো কান্ডারি-১০ এর মতোই।    

কমোডোর এম শাহজাহান বলেন, “বে-ক্লিনার-২ ছোট আকারের জাহাজ। কান্ডারি-১০ দিয়েই পুরো দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। প্রয়োজনে কান্ডারি-১১ পরে পাঠানো হবে।”