মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের উদ্যোগী ভূমিকা প্রত্যাশা
মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জনগণের আস্থা ফেরাতে রাষ্ট্রের এই অঙ্গের উদ্যোগী তৎপরতা প্রত্যাশা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এক কর্মসূচিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে ভালো বলেও দাবি করেন।
ধানমণ্ডির ইএমকে সেন্টারে ‘নারী অধিকার, মানবাধিকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যের পর এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, “ন্যায়বিচার প্রশ্নের মুখে থাকলে কখনও মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় না।
“সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন জাগে, যার টাকা আছে সে বিচার পাবে, অন্যরা পাবে না; তাহলে তা কখনোই মঙ্গলজনক হবে না। বিচার বিভাগকেকে রিঅ্যাকটিভ না হয়ে বরং প্রোঅ্যাকটিভ হতে হবে। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে তাদের চেষ্টা করতে হবে।”
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখন কেমন- জানতে চাইলে তিনি বলেন, “এজন্য আগের দিনগুলোর সঙ্গে বর্তমান সময়ের তুলনা করতে হবে। সেটি বিবেচনায় এনে বলা যায়, পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।”
তবে মানবাধিকার কমিশনের অর্থ ও জনবল সঙ্কটের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর রে তুলতে এই দুই সমস্যা সমাধানের ওপর জোর দেনে মিজানুর।
ইউএসএআইডি এবং উইমেন অ্যান্ড গার্লস লিড গ্লোবাল ইন অ্যাসোসিয়েশন উইথ দি আমেরিকান সেন্টার আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে এভারেস্টজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীনও বক্তব্য রাখেন।
তিনি বলেন, “আমি নারীদের প্রতিনিধিত্ব করতেই এভারেস্ট চূড়ায় আরোহন করেছিলাম। ভেবেছিলাম আমি ব্যর্থ হলে নারী সমাজই ব্যর্থ হবে। তাই বাধা পেরিয়েও তার চূড়ায় উঠেছি।”
ব্যক্তিগত জীবনের উপলব্ধির কথা বলতে গিয়ে ওয়াসফিয়া বলেন, সমস্যার ভেতর দিয়ে না গেলে মানুষ সমাধানের পথ খুঁজে পায় না। আমিও জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়ে সাফল্যের দেখা পেয়েছি।
অনুষ্ঠানে আলোচনায় ব্র্যাকের পরিচালক ফষ্টিনো পেরেরা বলেন, সম্পদের বণ্টন ব্যবস্থায় নারী বৈষম্যের শিকার হয় দীর্ঘদিন ধরে। পারিবারিক সামাজিক নানান অপরাধও ঘটে সম্পদ নিয়ে। নারী ও পুরুষের মধ্যে সম্পদের সুষম বণ্টন থাকাটা জরুরি।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর বলেন, নারীর মানবাধিকার রক্ষা ও তা অর্জনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিতে হবে।
