২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুহিন মালিককে আদালতে তলব

মানহানির মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিককে তলব করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 01:10 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক আগামী ১৩ জানুয়ারির মধ্যে এই আইনজীবীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রব্বানী মঙ্গলবার ‘সংবিধান নিয়ে কটূক্তি’, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘মানহানির’ এই অভিযোগে ডানপন্থী আইনজীবী হিসাবে পরিচিত তুহিন মালিকের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।

মহানগর হাকিম হাসিবুল হক প্রথম দুটি অভিযোগের শুনানি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেগুলো এজাহার হিসেবে গণ্য করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেন। আর মানহানির অভিযোগের বিষয়ে আদেশ আসে বুধবার।

অভিযোগের বরাত দিয়ে বাদীর আইনজীবী নাজমুল হাসান চৌধুরী জানান, গত ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য দেন ড. তুহিন মালিক।

“তুহিন ওই আলোচনা সভায় বলেন, ‘সংবিধানে সব মুজিবের কাহিনী ও এতে তার পরিবারের গানা-বাজনা জুড়ে দেওয়া হয়েছে। এগুলো যে বাতিল করতে চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে। সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতার বিষয় জুড়ে দেওয়া হয়েছে। সংবিধানে যা জুড়ে দেওয়া হয়েছে তা কেয়ামত পর্যন্ত কেউ সংশোধন করতে পারবে না।

“তুহিন মালিক আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়ত বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!”

তার এই বক্তব্যে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে এবং বক্তব্যটি রাষ্ট্রদ্রোহমূলক বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী।