২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার ও এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 11:53 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

বাকলিয়া থানার আব্দুল্লাহ আল নোমান কলেজের পাশ থেকে সোমবার গভীর রাতে অপহৃত শিশুটিকে উদ্ধার করে অপহরণকারী একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।

উদ্ধার হওয়া শিশু মো. ফারুক (১০) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। গ্রেপ্তার রফিকুল ইসলাম মনু (৩৮) বাকলিয়া বাস্তুহারা মসজিদ গলির বাসিন্দা।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবুর নামে এক ব্যক্তির সঙ্গে ‘মানব পাচার’ নিয়ে ফারুকের ভগ্নিপতি মো. আলমের দ্বন্দ্বে এই অপহরণের ঘটনা ঘটে।

গত শনিবার ফারুক ভগ্নিপতি আলমের সঙ্গে বাকলিয়ার বাস্তুহারা কলোনিতে তার খালার বাসায় বেড়াতে যায়।

“এসময় পূর্ব বিরোধের জের ধরে অপহরণকারীরা আলম ও ফারুককে ধরে নিয়ে বাকলিয়া ক্ষেতচর হানিফের কলোনিতে সবুরের বাসায় বেঁধে রেখে মুক্তিপণ দাবি করে।”

অপহৃতদের স্বজনরা বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা বাবদ ৬০ হাজার টাকা পরিশোধের পর রাতে আরও টাকা নিতে এসেছিল।

“তখন পুলিশ নোমান কলেজ এলাকায় অভিযান চালালে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। এসময় মনুর হাত ধরা অবস্থায় ফারুককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করল ফারুক অপহরণের বিষয়ে পুলিশকে জানায় ও মনুর পকেটে টাকা মুক্তিপণের ২৪ হাজার টাকা উদ্ধার করে।”

পরে জিজ্ঞাসাবাদে মনুও অপহরণের কথা পুলিশের কাছে স্বীকার করে বলে জানান ওসি।

তিনি বলেন, ফারুককে উদ্ধার করা হলেও তার ভগ্নিপতি আলম অপহরণকারী কামাল, সবুর ও ইসমাইলের সঙ্গে পালিয়ে যায়।

বিকালে উদ্ধার হওয়া ফারুকের পরিবারের সদস্যরা থানায় এসে ফারুককে নিয়ে যায়।

ওসি জানান, এঘটনায় বাকলিয়া থানার এএসআই আবু তাহের বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছে।