২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ খুঁজছিল বাইরে, অথচ আসামি বন্দি কারাগারে

হত্যা মামলার এক আসামিকে খুঁজছিল পুলিশ, অথচ তিনি যে এর মধ্যেই ছিনতাইয়ের এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, তা টেরই পায়নি তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে তিন মাস কারাগারে থাকার পর আবুল ওরফে সজীব (২৫) নামে ওই আসামিকে হত্যামামলার আসামি হিসেবে সনাক্ত করে পুলিশ।

মঙ্গলবার সজীব চট্টগ্রামের মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালতে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন।

সজীব বরগুনার পোড়াঘাটা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় একটি ভাড়া বাসায় থেকে নগরীতে রিকশা চালাতেন তিনি।

২০১৩ সালের ২১ নভেম্বর বাকলিয়া থানার চাক্তাই শুটকি পট্টি সংলগ্ন হাজী আমান আলী সড়কের জব্বার আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন স্থানীয় নিরাপত্তারক্ষী গোলাম মোস্তফা।

ওই দিন স্থানীয়রা শওকত ওরফে মহিউদ্দিন নামের এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয়। তখন পালিয়ে যান তার সঙ্গী সজীব, মামলায় তাকে আসামিও করা হয়।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর থেকেই আমরা আবুলের খোঁজে ছিলাম। মোবাইল নম্বর ট্রাকিং করে একবার চকরিয়ায় (কক্সবাজারের) তার অবস্থান জানা গিয়েছিল। সেখানে পৌঁছানোর আগেই সে সরে পড়ে।”

Image
সজীব ওরফে আবুল

সজীব ওরফে আবুল

এরপর সজীবের সন্ধানে পুলিশ নিয়মিত খোঁজ-খবর নিচ্ছিল। কিন্তু এর মধ্যেই ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে গত ৭ সেপ্টেম্বর থেকে তিনি কারাবন্দি। তবে সজীব ও আবুল নামের দ্বন্দ্বে পুলিশ তাকে সনাক্ত করতে পারেনি।

ওসি মহসিন বলেন, “তার সন্ধানে নিয়মিত খোঁজ নিচ্ছিলাম। এক পর্যায়ে খবর পাই সে সজীব নাম নিয়ে ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। এরপর কারাগারে গিয়ে তাকে সনাক্ত করি।”

সজীবের নামে ছিনতাইয়ের অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।  

সনাক্ত হওয়ার পর সজীবকে রিমান্ডে এনে একদফা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তিনি সজীব হিসেবে নিজের পরিচয় স্বীকার করেননি।

এরপর বাকলিয়া থানার অন্য একটি ছিনতাইয়ের মামলায় তাকে হেফাজতে এনে পুলিশ তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন বলে ওসি জানান।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “আবুল অন্য মামলাগুলোতে নিজের নাম সজীব বলে উল্লেখ করে। সেই নামেই সে গত ৭ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিল।”

তিনি বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে নিজের নাম সজীব ওরফে আবুল উল্লেখ করেছেন এই আসামি।

তবে নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতের জন্য নিজের দায় এড়িয়ে সঙ্গী মহিউদ্দিনকে দায়ী করেছেন সজীব।