২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পাসপোর্ট করাকালে গ্রেপ্তার রোহিঙ্গা নারী

পাবনায় পাসপোর্ট করতে আসা পাঁচ রোহিঙ্গা নারীকে এক দালালসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 08:54 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

মঙ্গলবার বিকালে পাসপোর্ট অফিস চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পাবনা গোয়েন্দা পুলিশের ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে শহরের চক ছাতিয়ানি এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় চট্টগ্রামের একটি ট্রাভেল এজেন্সির এক দালাল ও পাঁচ রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন মায়ানমারের আরাকান প্রদেশের নাগপুর মন্ড গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সখিনা (২২), প্রয়াত মোহাম্মদ জাকের আলীর মেয়ে ফারেজা (২৫), প্রয়াত হারুন অর রশিদের মেয়ে জেসমিন (২৩), প্রয়াত আবুল কাশেমের মেয়ে হুমায়রা (২২), সৈয়দ হোসেনের মেয়ে সামিরা (২০) ও দালাল কক্সবাজারের ইসলামবাদ ইউনিয়নের পলাশিয়া ঘাট এলাকার ইলিয়াস হোসেন।

ইলিয়াস হোসেন জানান, “প্রত্যেক নারীর সঙ্গে ২০ হাজার টাকার চুক্তিতে পাসপোর্ট করতে তাদের পাবনায় আনা হয়। আমি ট্রাভেল এজেন্সির হয়ে কাজ করছিলাম।”

এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোহিঙ্গা নারীদের পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে ট্রাভেল এজেন্সির নাম প্রকাশ করা হচ্ছে না।

“তবে এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই চক্র বিভিন্ন সময়ে মায়ানমারের রোহিঙ্গা নারী-পুরুষকে বিদেশে পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলে আমাদের ধারণা।”

এই রোহিঙ্গা নারীরা দালালের সহায়তায় পাবনা থেকে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন বলে তিনি জানান।