২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উন্নয়ন নীতির পূর্ণ বাস্তবায়ন দাবি

জাতীয় নারী উন্নয়ন নীতির পূর্ণ বাস্তবায়নের দাবি ‍জানিয়েছে নারী প্রগতি সংঘ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

মঙ্গলবার সকালে নগরীর ডিসি হিল প্রাঙ্গনে এক গণজমায়েতে এই দাবি জানানো হয়।

গণজমায়েত শেষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিএনপিএসের চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহমদ বলেন, বেগম রোকেয়ার সময়ে বাংলাদেশের নারীরা ছিলেন অবরোধবাসিনী। তখন তাদের অনেক অধিকারই ছিল না ।

“একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর সংবিধানে নারীর সমঅধিকার স্বীকৃতি পায়। কিন্তু প্রচলিত ব্যবস্থায় এখনো অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে। তাই নারীর সব অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নারী উন্নয়ন নীতির পূর্ণ বাস্তবায়ন জরুরি।”

সভা থেকে নারীর প্রতি সব ধরণের সহিংসতা বন্ধ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, যৌতুক প্রথা বন্ধ করা, উত্যক্ত করা ও যৌন নির্যাতন বন্ধ করা, বাল্য বিয়ে বন্ধ করা এবং কন্যা শিশুর প্রতি বৈষম্য বন্ধের দাবি জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বিএনপিএসের জেলা সমন্বয়কারী শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কুমকুম দত্ত, ইয়াছমিন আকতার, তপন কান্তি দে, শিরিন আক্তার, মোস্তফা মো. কাইয়ুম, জসিম উদ্দিন ও শাহরিয়ার রিয়াদ।