কক্সবাজারবাণী সম্পাদকের ৬ মাস কারাদণ্ড
ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের দায়ে কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক কক্সবাজারবাণী’র সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খানকে ছয় মাসের সশ্রম করাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আয়াছুর রহমান এ খবর নিশ্চিত করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি ‘দৈনিক কক্সবাজারবাণী’ পত্রিকায় স্থানীয় সাংবাদিক আব্দুল কুদ্দুস রানার বিরুদ্ধে ‘ইয়াবা ও অপরাধ সর্গরাজ্যে এক আব্দুল কুদ্দুস রানা’ সংবাদ প্রকাশ করা হয়।
প্রতিবেদনে রানাকে ইয়াবা গডফাদার বলা হয়। সরকারি কর্মকর্তাদের কাছ থেকে মাসোহারা নেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
গত ২৮ জানুয়ারি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রানা বাদী হয়ে ফরিদুল মোস্তফার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
দণ্ডিত ফরিদুল মোস্তফা খান বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান অ্যাডভোকেট মো. আয়াছুর রহমান।
