ছাত্রলীগ গণতন্ত্রে বিশ্বাস করে না: জামায়াত-শিবির
শিবির উৎখাতে চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজের ছাত্রাবাস এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে ছাত্রলীগের দাবির প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির।
মঙ্গলবার জামায়াতের এক বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগ নেতাদের বক্তব্য প্রমাণ করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
“সরকারের ছত্রছায়ায় দলীয় ছাত্র সংগঠন সারাদেশে খুন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যাল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দখলবাজি ও চাঁদাবাজি করছে।”
সোমবার চট্টগ্রামের লালদীঘি ময়দানের সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজের সব ছাত্রাবাস বন্ধ করে দিতে কলেজ দুটির কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দেন।
পাশাপাশি এ দুই শিক্ষা প্রতিষ্ঠানে শিবির প্রতিরোধে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিবৃতিতে নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নুরুল আমিন বলেন, চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজ মেধাবী শিক্ষার্থীদের কলেজ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংস করে ছাত্রলীগ এসব শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।
বিবৃতিতে চট্টগ্রাম ও মহসীন কলেজে দীর্ঘ দিন ধরে গড়ে ওঠা ঐতিহ্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে ছাত্র-জনতা ও অভিভাবকদের প্রতিও আহ্বান জানান জামায়াত নেতারা।
পৃথক বিবৃতিতে ছাত্রলীগের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, নগর দক্ষিণের সভাপতি এম এইচ সোহেল ও সাধারণ সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার।
১৯৮১ সালে নগরীর সিটি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক তবারক হোসেন চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে শিবিরের হাতে খুন হন।
এরপর ১৯৮৪ সালে শিবিরের রাজনীতি করতে অসম্মতি জানানোয় খুন হন ইউসুফ নামের এক শিক্ষার্থী। ১৯৮৬ সালে ছাত্র সংসদ নির্বাচনের আগের দিন ছাত্রলীগের মিছিলে হামলা চালায় শিবির।
এরপর থেকে চট্টগ্রাম কলেজে আর কথনো প্রকাশ্যে মিছিল-সমাবেশ করেনি ছাত্রলীগ। এখন পর্যন্ত শিবির ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনও চট্টগ্রাম ও মহসীন কলেজে সক্রিয় হতে পারেনি।
২৭ নভেম্বর চট্টগ্রাম কলেজের শেরেবাংলা ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসে তল্লাশী চালিয়ে ১৬টি রামদা, তিন কেজি বিস্ফোরক দ্রব্য ও দুটি ককটেল উদ্ধার করে পুলিশ। সেদিন নগর ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল করে।
আগেও বিভিন্ন সময় তল্লাশী চালিয়ে ছাত্রাবাস থেকে জিহাদী বই ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম কলেজে চারটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস আছে। মহসীন কলেজে দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস আছে।
