রানা প্লাজার এক কারখানার মালিকের জামিন
সাভারের রানা প্লাজার নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনানকে জামিন দিয়েছে হাই কোর্ট।
জামিন আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়।
আদনানকে কেন (স্থায়ী) জামিন দেওয়া হবে না, রুল দিয়ে আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করে এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
গত বছর ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত ১১৩০ জন নিহত হন, যাদের অধিকাংশই ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার শ্রমিক।
এই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশরাফ খান মামলা দায়ের করেন।
ভবন মালিক সোহেল রানা, রানার বাবা আব্দুল খালেকসহ মোট ৬ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে। ওই বছরেরই ২৭ এপ্রিল আদনান এই মামলায় গ্রেপ্তার হন। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে।
পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ ইমারত বিধিমালা না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে অপর একটি মামলা দায়ের করেন।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।
