শার্শায় নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন
যশোরের শার্শায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে নিহত যুবলীগ নেতা তুজাম আলির দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বেলা ১০টায় স্থানীয় মাঠে নামাজে জানাজা শেষে যাদবপুর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থতি ছিলেন।
সোমবার ভোরে ঢাকার রেনেসাঁ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুজামের মৃত্যু হয়। রাত ১০টায় লাশ গ্রামের বাড়ি শার্শার দক্ষিণ বুরুজবাগান পৌঁছলে নেতাকর্মী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
শার্শা থানার ওসি শহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১১টার দিকে তুজামের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ ছাত্রলীগের দুলাল, মিঠুন, সোহান, সাজন, আজিজ, মনির, ইয়াছিন, ইমরান, আরমান, শাকিল ও শাওনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিরা আত্নগোপনে থাকায় আটক করা সম্ভব হয়নি, তবে আটকের জোর প্রচেষ্টা চলছে বলে জানান ওসি।
একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সালিশ বসে।
রাত ১১টার দিকে সালিশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিমের কর্মীদের সঙ্গে যুবলীগ নেতা তুজামের কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়।
এ সময় তুজামসহ যুবলীগের দুই কর্মী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। তুজাম শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও ইউনিয়ন যুবলীগ নেতা।
সোমবার তুজামের মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছলে তার সমর্থকরা নাভারন-সাতক্ষীরা সড়কের কামারবাড়ি মোড়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এবং রহিম সরদার, আব্দুল আজিজ ও শিশিরের বাড়িঘরে আগুন দেয়।
