জঙ্গি সংশ্লিষ্টতা: পাকিস্তানি ছাড়া চারজনের জামিন
চট্টগ্রামে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার পাঁচ জনের মধ্যে পাকিস্তানি নাগরিক ছাড়া অন্যদের জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদ এ আদেশ দেন। তবে ঢাকার লালবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোয় জামিনপ্রাপ্তরা ছাড়া পাচ্ছেন না।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুক্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে করা ৫৪ ধারার মামলায় পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ছাড়া অন্য চার জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
“তবে তাদের ঢাকার লালবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তারা ছাড়া পাবেন না। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের ঢাকায় পাঠানোর বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে।”
জঙ্গি সন্দেহে গত ২৩ নভেম্বর বন্দর নগরীর নাসিরাবাদ এলাকার ‘হোটেল লর্ডস ইন’ থেকে পাকিস্তানি নাগরিক আলম (৪৪), আব্দুল মজিদ (৩১), মো. আমিন (৫০), মো. সফিউল্লাহ ও মো. ছালামত উল্লাহকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক, যার সদরদপ্তর নেদারল্যান্ডসে।
গ্রেপ্তার শফিউল্লাহ (৩৮) নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, গত ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।
শফিউল্লাহ ও ছালামত উল্লাহর বিরুদ্ধে রোহিঙ্গাদের সংসঠন আরএসওর ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
প্রথম দফায় গত ২৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেককে পাঁচ দিনের হেফাজতে পায় পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
এরপর ৩০ নভেম্বর গ্রেপ্তার চারজনকে তিন দিন করে এবং এক জনকে দুই দিনের জন্য রিমান্ডে পায় পুলিশ।
সর্বশেষ জিজ্ঞাসাবাদ শেষে গত সোমবার চট্টগ্রামের মহানগর হাকিম মাশফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
