বিশ্বজিৎ হত্যা: পলাতক খুনিরা এখনো ‘অধরা’
পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যার পর দুই পেরিয়ে গেলেও সাজাপ্রাপ্ত ১৩ আসামির নাগাল পায়নি পুলিশ।
পুলিশের খাতায় ‘পলাতক’ এই ১৩ জনের মধ্যে কয়েকজনকে প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। কয়েকজন বিভিন্ন নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকেও সক্রিয়। কেবল পুলিশই তাদের খোঁজ পাচ্ছে না।
এর এক বছরের মাথায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর এ হত্যা মামলার রায়ে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
এই ২১ আসামির মধ্যে বর্তমানে আটজন কারাগারে। বাকি ১৩ জনের মধ্যে চারজন পালিয়ে বিদেশে চলে গেছেন বলেও গণমাধ্যমে খবর এসেছে।
পলাতকদের গ্রেপ্তারে হাই কোর্টের নির্দেশনা থাকলেও পুলিশ তাদের নাগাল পায়নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শুধু বলছেন, আসামিকে ধরতে পুলিশ ‘সক্রিয়’ আছে।
“বিশ্বজিৎ হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ১৩ আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তাদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।”
সেদিনের ঘটনা, বিচার
বিশ্বজিৎ হত্যার পর ওই রাতেই অজ্ঞাত ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন ওই থানার তখনকার এসআই জালাল আহমেদ।
পরদিন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও টেলিভিশনে সম্প্রচারিত খবরের ভিডিও দেখে হাই কোর্টের একটি বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেয়।
তদন্ত শেষে ২০১৩ সালের ৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।
মামলার বিচারের সময় সাক্ষীদের জবানবন্দিতে বলা হয়, অবরোধের ওই দিন বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে ছাত্রলীগের একটি মিছিল যাওয়ার সময় বোমা বিস্ফোরণ হলে সবাই যখন পালাচ্ছিল, তখন পলায়নরত বিশ্বজিৎকে মিছিল থেকে ধাওয়া করে তার ওপর হামলা চালানো হয়।
সাক্ষী রিকশাচালক রিপন রায় হত্যাকাণ্ডের বর্ণনায় বলেন, “বোমার শব্দে এক ব্যক্তি (বিশ্বজিৎ) পার্কসংলগ্ন পেট্রোল পাম্পের দিকে দৌড় দেয়। ওই মিছিল থেকে ধাওয়া করে কয়েকজন তাকে মারতে থাকে।
“ওই ব্যক্তি মার খেতে খেতে পাশের ভবনে উঠে যায়। লোকগুলো সেখানেও তাকে চাপাতিসহ বিভিন্ন জিনিস দিয়ে মারতে থাকে। এরপর তিনি রক্তাক্ত অবস্থায় দৌড়ে নিচে নেমে শাঁখারীবাজারের গলির মুখে গিয়ে পড়ে যান। তিনি পানি চাইলে পাশের এক দোকানি পানি খাওয়ান।”
এরপর রিপনের রিকশায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশ্বজিৎকে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা পরিবহনকর্মী ইউসুফ বেপারী ও আব্দুর রাজ্জাক আদালতে আসামি রফিকুল ইসলাম শাকিলকে সনাক্ত করে বলেন, তাকে চাপাতি দিয়ে বিশ্বজিৎকে কোপাতে দেখেছেন তিনি।
এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, রাজন তালুকদার (পলাতক), মাহফুজুর রহমান ওরফে নাহিদ, ইমদাদুল হক ওরফে এমদাদ, জিএম রাশেদুজ্জামান ওরফে শাওন, মীর মোহাম্মদ নূরে আলম ওরফে লিমন (পলাতক), সাইফুল ইসলাম ওরফে সাইফুল, কাইয়ূম মিয়া ওরফে টিপু।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৩ আসামি হলেন- খন্দকার মো. ইউনুস আলী ওরফে ইউনুস (পলাতক), তারিক বিন জহুর ওরফে তমাল (পলাতক), গোলাম মোস্তফা ওরফে মোস্তফা, মো. আলাউদ্দিন (পলাতক), মো. ওবায়দুল কাদের ওরফে তাহসিন (পলাতক), ইমরান হোসেন ওরফে ইমরান (পলাতক), আজিজুর রহমান ওরফে আজিজ (পলাতক), আল আমিন শেখ (পলাতক), রফিকুল ইসলাম (পলাতক), এএইচএম কিবরিয়া, মনিরুল হক ওরফে পাভেল (পলাতক), মোহম্মদ কামরুল হাসান (পলাতক) ও মোশাররফ হোসেন ওরফে মোশারফ (পলাতক)।
পলাতক হলেও সক্রিয়
নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, একজন ছাত্রলীগ কর্মী এবং কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, পলাতকদের মধ্যে কয়েকজন বেনামে ফেইসবুকে সক্রিয়।
এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া রাজন তালুকদারের নামও তারা বলেছেন। এছাড়া যাবজ্জীবন সাজা পাওয়া ইমরান হোসেনও ফেইসবুকে সক্রিয় বলে জানিয়েছেন তারা।
ইমরানকে তিন মাস আগেও নারিন্দা এলাকায় দেখতে পাওয়ার দাবি করেছেন কয়েকজন। তাকে এ বছর একটি সংগঠনের ইফতার অনুষ্ঠানেও যোগ দিতে দেখা যায়।
গণমাধ্যমের খবর, যাবজ্জীবন দণ্ড পাওয়া কামরুল হাসান গত ৩১ অগাস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়েছিলেন। এছাড়া ১৫ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দেখা যায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আরেক আসামি আজিজুর রহমানকে।
এ বিষয়ে বিশ্বজিতের বাবা অনন্ত দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, “পত্রিকায় পড়েছি একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের উপস্থিতি দেখা গেছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের একটি সমাবেশে।”
পলাতক আসামিদের গ্রেপ্তার ও সাজা কার্যকরে বিলম্ব হওয়ায় আক্ষেপ করে তিনি বলেন, যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তবে আমার ছেলে আবারো যে কোনো রূপে আমার কাছে ফিরে আসেবে।”
ছেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ি শরীয়তপুরে নড়িয়া থানার ভোজেশ্বর গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে ‘বালক সেবা’ অনুষ্ঠান করা হবে বলে অনন্ত দাস জানান।
