৯০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুরে গাড়ি আটকে চালককে গুলি করে ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডেও পেয়েছে পুলিশ।
রূপনগর থানার এসআই মতলু্বুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশিকা ভবনের উল্টো দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের একটি বাসা থেকে তাদের রোববার রাতেও গ্রেপ্তার করা হয়।
ওই দিন সকালে প্রশিকা ভবনের সামনে ‘মোনাডিক’ নামে একটি বেরসরকারি কোম্পানির গাড়ি থেকে ওই অর্থ ছিনতাই হয়েছিল।
‘মোনাডিক’ কোম্পানি বিকাশের ও বেসরকারি মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের সঙ্গে ব্যবসা করেন।
কোম্পানিটির ব্যবস্থাপক শিপন, কর্মকর্তা মহাদেব দত্ত ও আখতার হোসেন একটি সাদা প্রাইভেটকারে যাচ্ছিলেন।
কয়েকটি মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা তাদের গাড়ি আটকালে ওই তিনজন পালানোর চেষ্টা করে। তখন ছিনতাইকারীরা গুলি চালালে গাড়িচালক মো. জাহিদ আহত হন বলে পুলিশ জানিয়েছে।
টাকা ছিনতাইয়ের ঘটনায় ‘মোনাডিক’ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক হোসেন খান অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রোববার রাতেই রূপনগর থানায় একটি ডাকাতির মামলা করেন।
ওই মামলায় কোম্পানিটির তিন কর্মচারীকেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মতলুব জানান।
