লক্ষ্মীপুরে যুবলীগকর্মী গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরের দত্তপাড়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন যুবলীগের এক কর্মী।
সোমবার সন্ধ্যায় পাশের গ্রাম শ্রীরামপুরে জাহিদকে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ জাহিদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা মাসুম বিল্লাহকে দায়ী করেছেন যুবলীগের নেতারা।
জাহিদ সাংবাদিকদের বলেন, শ্রীরামপুর গ্রাম থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাসুম বিল্লাহসহ ৪/৫ জন তার ওপর হামলা চালায়।
“মাসুম বিল্লাহ আমার পায়ে গুলি করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।”
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু এই ঘটনায় বিএনপি নেতা মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. জামাল হোসেন বলেন, জাহিদকে গুলি করার ঘটনাটি শুনে তিনি কড়ইতলায় পুলিশ পাঠিয়েছেন।
এই বিষয়ে মাসুম বিল্লাহের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
