ফুলবাড়ীতে ২৭ ডিসেম্বর সমাবেশ
খনিজ সম্পদ উত্তোলন ও বিদ্যুৎকেন্দ্রে স্থাপনে ‘সরকারের বিভিন্ন জনবিরোধী পদক্ষেপের’ প্রতিবাদে চলতি মাসে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের চেষ্টারত বিদেশি প্রতিষ্ঠান এশিয়া এনার্জির বিরুদ্ধে আগামী ২৭ ডিসেম্বর উপজেলার নিমতলায় মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। এছাড়া সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে ২২ ডিসেম্বর সারাদেশে সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে আনু মোহাম্মদ অভিযোগ করে বলেন, “কোনো ধরনের অনুমোদন না থাকা সত্ত্বেও ফুলবাড়িতে কোম্পানির কাজ চলছে প্রচার করে লন্ডনে এর নামে শেয়ার ব্যবসা করা হচ্ছে। সেই ব্যবসার মুনাফার টাকার ভাগ দেয়া হচ্ছে এদেশের কিছু মন্ত্রী আমলাদেরকে।”
সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক জালানি কোম্পানি এশিয়া এনার্জিকে (বর্তমানে জিসিএম নামে পরিচিত) বহিস্কার, অনুপ্রবেশ উস্কানি ও দুর্নীতি-সন্ত্রাস বিস্তারের দায়ে কোম্পানির প্রধান কর্মকর্তা গ্যারি লাইকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
“ফুলবাড়ী চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামী ২৭ ডিসেম্বর ফুলবাড়ীতে মহাসমাবেশ হবে। সমাবেশের আগেই গ্যারিকে গ্রেপ্তার করতে হবে।”
এদিকে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে ২২ ডিসেম্বর সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় কমিটি।
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও বিদ্যুৎ সমস্যার সমাধানে নিজেদের দেয়া ৭ দফা সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে গত বছরও ঢাকা থেকে সুন্দরবনে লংমার্চ করেছিল সংগঠনটি।
আনু মোহাম্মদ বলেন, “প্রধানমন্ত্রী একদিকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে বাঘ রক্ষার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন অপরদিকে সুন্দরবনের কাছে বিদ্যুৎ প্রকল্প চালুর অনুমোদন দিয়ে বাঘসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের ব্যবস্থা করছেন।
“জনদাবি উপেক্ষা করে ভারতীয় কোম্পানি এনটিপিসি-কে কাজ অব্যাহত রাখার সুযোগ করে দিচ্ছেন। আবার নতুন করে দেশের ওরিয়ন নামের একটি কোম্পানিকে সুন্দরবনের আরো গভীরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে স্থাপনের অনুমোদন দিচ্ছেন।”
এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ২২ ডিসেম্বর সারা দেশে সমাবেশ করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের (মার্কসাবাদী) সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বিডি রহমতুল্লা।
