২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সংরক্ষিত বন ইজারা নিয়ে প্রশ্ন আদালতের

গাজীপুরের সংরক্ষিত বনভূমি ইজারা দেওয়ার উদ্যোগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৌচাকুরি মৌজায় ৯৫ দশমিক ৩১ একর জমি স্কাউটসকে স্থায়ী ইজারা দেওয়ার উদ্যোগ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে বলে রিট আবেদনে বলা হয়। শুনানির পর আদালত এই জমি নিয়ে রুল দেয়।

স্কাউটসকে ইতোপূর্বে বরাদ্দ দেওয়া অন্য একখণ্ড জমির বন রক্ষায় বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, আরেকটি রুলে তাও জানতে চেয়েছে আদালত।

একই মোজার এই জমির পরিমাণ ৮ দশমিক ৬১ একর।

চার সপ্তাহের মধ্যে বন ও পরিবেশমন্ত্রী, ভূমিমন্ত্রী, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার, প্রধান বন সংরক্ষক, গাজীপুরের সহকারী কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মো. মজিবুর রহমান, মো. আশরাফুদ্দিন খান, এএফএম আসাদুজ্জামান, মোহাম্মদ মাহমুদ হাসান নামে চার আইনজীবীর করা রিট আবেদনে এই রুল হয়।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন, জুলহাস উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

পরে আমাতুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদনকারী আইনজীবী ‘জনস্বার্থে’ এই রিট আবেদন দায়ের করেছেন।

“আদালত এখানে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে কি না, তা জানতে চান। তাদের কারও ব্যক্তিগত স্বার্থ নেই বলে আবেদনকারীদের আইনজীবী উল্লেখ করার পর আদালত রুল দেয়।”

‘হুমকির মুখে বন বিভাগের ৯৫ একর বনভূমি’ শিরোনামে দৈনিক আমাদের সময়ে প্রকাশিত একটি প্রতিবেদনও রিট আবেদনটিতে যুক্ত করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ স্কাউটস বন বিভাগের কাছ থেকে এর আগে ৫ শর্তে ৮.৬১ একর বনভূমি ইজারা নিয়েছিল।

“চুক্তির প্রধান শর্ত ছিল ১৯২৭ সালের বন আইনের ৪ ধারা অনুযায়ী উক্ত এলাকা বনভূমি হিসেবেই থাকবে। সেখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু বাংলাদেশ স্কাউটস চুক্তির শর্ত ভঙ্গ করে সেখানে বনভূমি ধ্বংস করেছে এবং স্থায়ী স্থাপনা তৈরি করেছে। আপত্তি করেও বন বিভাগ তা ঠেকাতে পারেনি।”

একই ধরনের শর্তেই নতুন করে ৯৫ একরের এই বনভূমিও স্কাউটস বরাদ্দ নিতে চাইছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।