২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটে’ রবীন্দ্র সঙ্গীত নিয়ে বন্যা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ‘ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউট’ রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ পেয়েছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 01:36 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে টিবিএন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে রবীন্দ্র সংগীত শিল্পী বন্যা বলেন, “অন্যদেশে অন্যভাষীদের কাছে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, চিত্র আগেই পৌঁছেছে। গানের বাণীও আগেই পৌঁছেছে।

“কিন্তু রবীন্দ্রনাথের গানের সুরের যে অসাধারণ আবেদন, তা সেই অর্থে পৌঁছেনি। এবার সেই সুযোগ এসেছে এবং আমি তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবো।”

যুক্তরাষ্ট্রে ‘ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউট’ এই প্রথমবারের মত রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করছে। 

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ব্রডওয়ে এবং ৯৫ নম্বর স্ট্রিটে অবস্থিত সিম্ফনি স্পেস অডিটরিয়ামে রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত গাইবেন আগামী বছরের ৬ জুন, সন্ধ্যা ৮টায়।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউট’ বিশ্বের সব অঞ্চলের প্রচলিত ও সমকালীন সঙ্গীত, নৃত্য প্রচার ও প্রসারে নিয়োজিত রয়েছে। ভারতসহ বিশ্বের প্রায় সব দেশের গুণী শিল্পীরা এই কেন্দ্রে অনুষ্ঠান করে গেছেন।

এই সময়ের উপমহাদেশের বিশ্ববরেণ্য শিল্পীর মধ্যে যারা এখানে অনুষ্ঠান করেছেন তাদের তালিকায় পণ্ডিত যশরাজ, হরিপ্রসাদ চৌরাসিয়া, জাকির হোসেন ও শাহেদ পারভেজ রয়েছেন।

‘ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউট’ তাদের ওয়েবসাইটে রেজওয়ানা চৌধুরী বন্যা লিখেছে, ‘গত ৩৫ বছর এই গুণী শিল্পী রবীন্দ্র সঙ্গীত সাধনা করছেন। রবীন্দ্রনাথের গান ও তার বাণী প্রচারের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন, ভাষণ দিয়েছেন, সঙ্গীত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।’

ইনস্টিটিউটের ওয়েবসাইটে রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয়েছে, “বাংলার এই কবি আজীবন মানবধর্মে বিশ্বাস করেছেন এবং বিশ্ব মানবতার অভিন্ন মৈত্রীর বাণী তার সাহিত্যে প্রকাশ করেছেন।’

সংবাদ সম্মেলনে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গানের ভেতর দিয়ে রবীন্দ্রনাথকে যতটুকু চেনা যায়, অন্যকিছু দিয়ে ততটা নয়। সেজন্যে রবীন্দ্রনাথের গানকে যথাযথভাবে তুলে ধরতে সচেষ্ট থাকবো। আমি এই কথা ভেবে সম্মানিত ও গৌরববোধ করছি যে, রবীন্দ্রনাথের গান আমার মাধ্যমে মার্কিন মূলধারায় সূচিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস।

সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ডেইজি প্যারাডিস, খ্যাতনামা সারেঙ্গি বাদক রমেশ মিশ্র এবং বিশ্বখ্যাত তবলাবাদক তপন মোদকও ছিলেন।

সম্মেলনে নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠক গোলাম সরওয়ার হারুন স্বাগত বক্তব্যে বাঙালি শিল্পীর এ দুর্লভ সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে অন্য শিল্পীদের পথ সুগম করার জন্যে মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “রবীন্দ্রনাথের সাথে নিউইয়র্কের একটি গভীর সম্পর্ক রয়েছে। ১৯৬১ সালে রবীন্দ্র শতবার্ষিকী পালিত হয় বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে। সে সময় একদিনের জন্যে অর্থাৎ ৭ মে কবির জন্মদিনকে  টাইমস স্কোয়ারের নাম রাখা হয়েছিল ‘টেগোর স্কয়ার।’ 

“গত বছরও ৭ মে  দেড়শত জন্মবার্ষিকীর দিন টাইমস স্কোয়ারের বর্নাঢ্য অনুষ্ঠানে এই সিটিতে ঐদিন ‘ঠাকুর ডে’ ঘোষণা করেন ম্যানহাটান বরোর প্রেসিডেন্ট স্কট স্ট্রিঙ্গার।”

সংবাদ সম্মেলনে ডেইজি প্যারডিস বলেন, “বন্যার মত শিল্পীকে আমরা ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের অনুষ্ঠানে পাবো , এটা সকলের জন্যেই খুবই আনন্দের, অভাবিত ব্যাপার বলেও মনে করছি।”

তিনি জানান, জুনের ওই অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম ৩৫ ও ৪০ ডলার করে। ভিআইপি টিকিটের মূল্য ৯৫ ডলার। এছাড়া অনলাইনে টিকিট পেতে লগঅন করতে হবে http://worldmusicinstitute.org/event/songs-of-tagore/ -এই ওয়েব সাইটে।