মালদ্বীপে পানি নিয়ে গেল নৌবাহিনীর জাহাজ
পানি সংকটে জাতীয় বিপর্যয় ঘটায় মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে বিশুদ্ধ খাবার পানি ও লবণাক্ততা পরিশোধনের ভ্রাম্যমাণ যন্ত্র নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ।
নৌ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে এক লাখ লিটার বিশুদ্ধ খাবার পানি ও পাঁচটি লবণাক্ততা পরিশোধনযন্ত্র নিয়ে নৌ বাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’ চট্টগ্রাম ছেড়ে যায়।
জাহাজটি আগামী ১১ ডিসেম্বর মালদ্বীপ গিয়ে পৌঁছাবে এবং মালেতে অবস্থান করে বিশুদ্ধ পানি বিতরণ করবে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, জাহাজটিতে এক লাখ লিটার খাবার পানি বোতলজাত করে পাঠানো হয়েছে। এছাড়া লবণাক্ততা পরিশোধন যন্ত্রের মাধ্যমে প্রতিদিন আরও ছয় হাজার লিটার পানি বিশুদ্ধ করে সরবরাহ করবে নৌবাহিনী।
গত ৪ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ রাষ্ট্রটির ঘনবসতিপূর্ণ রাজধানীর প্রধান পানি শোধনাগার অগ্নিকাণ্ডে বিকল হয়ে পড়লে সুপেয় পানির মারাত্মক সংকট দেখা দেয়।
ওইদিন মালদ্বীপের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, শোধনাগার মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করতে পাঁচ দিন লাগতে পারে।
পানি সংকটে মালের অনেক হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে। অনেক রাজধানীবাসী পানির জন্য পার্শ্ববর্তী দ্বীপে যাচ্ছেন।
তবে পানি সংকটের কারণে দেশটির পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়নি। আইনি বাধ্যবাধকতা থাকায় রাজধানীর বাইরে অন্যান্য দ্বীপে অবস্থিত পর্যটনকেন্দ্রগুলোতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধন ব্যবস্থা রয়েছে।
মালদ্বীপে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা অপ্রতুল। দেশটির ভূ-গর্ভস্থ পানি খাওয়া-ধোয়ার কাজে ব্যবহার করা যায় না। বাসিন্দাদের সাগরের শোধিত পানির ওপর নির্ভর করতে হয়।
বিভিন্ন স্থানে গণঅসন্তোষের মধ্যে শনিবার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন।
এর আগে মালদ্বীপ সরকার জানিয়েছে, ভারত ও শ্রীলংকা বিমান থেকে পানির বোতল ফেলা শুরু করেছে। চীন ও যুক্তরাষ্ট্র দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে আসছে। সরবরাহ বাড়াতে পানি শোধন সুবিধাসম্বলিত জাহাজও পাঠিয়েছে ভারত।
