চট্টগ্রামে চার চোর গ্রেপ্তার
ব্যাচেলর বাসা ও বড় বড় আড়ৎ ‘টার্গেট’ করে গত দুই বছরে শতাধিক চুরির সঙ্গে জড়িত চারজনের একটি সংঘবদ্ধ চোরের দলকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশের একটি দল।
চট্টগ্রাম নগরীর ঘাটফরহাদবেগ এলাকা থেকে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসআই কামরুজ্জামান ও এসআই জহির উদ্দিনের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- জাহেদুল ইসলাম, মো. ইয়াছিন তারেক, মো. জনি ও ইদুর জাহান সাজু ওরফে শরীফ। তাদের সবার বয়স ২০ থেকে ২৪ এর মধ্যে।
এদের মধ্যে জনি রিকশা চালক। জাহেদুল ইসলাম থাই অ্যালমুনিয়ামের দোকানে, ইয়াছিন পোশাক কারখানায় এবং সাজু মাংসের দোকানে কাজ করে।
তারা বক্সীর হাট, ঘাটফরহাদবেগ ও রহমতগঞ্জ এলাকার বাসিন্দা।
কোতোয়ালী থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দুই বছরে নগরীতে শতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে
তিনি বলেন, “গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে নগরীর টেরিবাজার, চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, ইকবাল রোড, ঘাটফরহাদবেগ এলাকায় তারা চুরি করে থাকে।
“এসব এলাকার ব্যাচেলর বাসায় দিনে ও আড়তে সন্ধ্যার পর চুরি করে।”
এসআই কামরুজ্জামান বলেন, “তাদের কাছে বিভিন্ন ধরনের চাবি ও কাটার থাকে। সুযোগ বুঝে বিভিন্ন বাসা ও দোকানে গিয়ে তালা খূলে বা কেটে প্রবেশ করে এবং সেখান থেকে মালামাল ও নগদ টাকা চুরি করে। পরে চুরির টাকা দিয়ে তারা নেশা করে।”
এর আগে জাহেদুল চুরির মামলায় ও মো. জনি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।
এসআই কামরুজ্জামান জানান, গ্রেপ্তারদের কাছ থেকে কার্তুজ, চাপাতি, ছুরি, বিভিন্ন ধরনের চাবি, ছুরি ও তালা কাটার বিভিন্ন ধরনের যন্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া সজিব, পারভেজ, সাইফুল, সাজ্জাদ, গিয়াস, মিণ্টু নামে আরও ছয়জন যুবক বিভিন্ন সময়ে চুরিতে তাদের সহযোগিতা করেছে বলেও জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেপ্তাররা চুরির মালামাল গিয়াস নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে, যে খাতুনগঞ্জ এলাকায় প্রান্তিক বাসের টিকিট বিক্রির কাজ করে বলে পুলিশকে জানিয়েছে।
