২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের কর্মসূচির আগে নয়া পল্টনে আবার হাতবোমা বিস্ফোরণ

ছাত্রদলের কোন্দলের মধ্যে সংগঠনটির এক কর্মসূচির আগে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার বেলা সোয়া ৩টার দিকে অন্তত চারটি বিস্ফোরণ ঘটানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পল্টন থানার ওসি মোরশেদ আলম।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের এক অনুষ্ঠান রয়েছে সন্ধ্যায়। ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের থাকার কথা।

ওসি মোরশেদ বলেন, “এই অনুষ্ঠানে অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হচ্ছিল। এসময়ই হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে।”

কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।

মাস খানেক আগে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর থেকে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ চলার সময় হাতবোমার বিস্ফোরণও ঘটে।

ওই বিরোধ অবসান না হওয়ার মধ্যে শনিবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।