২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রের মধ্য দিয়েই বিএনপির জন্ম: কামরুল

বিএনপিকে দেশের রাজনীতিতে ‘ষড়যন্ত্রের জন্মদাতা’ আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দলটিকে ‘রাজনৈতিকভাবে নির্বাসিত’ করা না হলে দেশের রাজনীতি ‘সুস্থ’ হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরকারের সাব্কে ও বর্তমান কয়েকজন আমলার কথিত বৈঠক নিয়ে আলোচনার মধ্যে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার খাদ্যমন্ত্রী এ কথা বলেন। 

গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে আমলাদের কথিত ওই বৈঠককে আওয়ামী লীগ ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছে।

অন্যদিকে শনিবার এক সংবাদ সম্মেলেন বৈঠক এবং ষড়যন্ত্রের বিষয়টি উড়িয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার নজির বিএনপির নয়, বরং আওয়ামী লীগেরই রয়েছে।

শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কামরুল বলেন, “মির্জা ফখরুল সাহেব বলেছেন – বিএনপি ষড়যন্ত্র করে না। কিন্তু বাস্তব সত্য হলো হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়েই বিএনপির জন্ম।

“এ দলটিই দেশে রাজনৈতিক শঠতা ও জঙ্গিবাদের জন্মদাতা। দলটিকে রাজনৈতিকভাবে নির্বাসিত না করলে দেশের রাজনীতি কখনো সুস্থ হবে না।”

২০০৬ সালে ‘উত্তরা ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্তরাই বৃহস্পতিবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, তদন্তে গুলশান ষড়যন্ত্রে কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে খালেদার সাম্প্রতিক বৈঠককে কটাক্ষ করে খাদ্যমন্ত্রী বলেন, “বিএনপি বিদেশনির্ভর একটি দল। এদেশের মানুষের ওপর তাদের কোনো আস্থা নেই।”

কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী বিসওয়াল। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রমিক অধিকার কর্মীসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে কামরুল বলেন, “তারা (বিএনপি) মনে করে আলাদিনের জাদুর চেরাগের মত বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় না, বরং আপনারা নির্বাচনকে কলুষিত করতে চান। অতীতেও আপনাদের এমন রেকর্ড আছে।”

অন্যদের মধ্যে অভিনেতা এ টি এম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কবি রবীন্দ্র গোপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ষড়যন্ত্রের প্রয়োজন খালেদার হয় না: বিএনপি