২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা না করেই রোগীর মৃত্যু সনদে সই!

দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যুর ২৪ ঘণ্টা আগেই তাকে মৃত ঘোষণার পেছনে দায়িত্বরত চিকিৎসকের চূড়ান্ত অবহেলা ছিল বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 11:06 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

পুরনো খবর:

এক দিনেই সাঙ্গ হল ‘দ্বিতীয় জীবন’
মৃত ঘোষণার চার ঘণ্টা পর দেখা গেল জীবিত

দেশের শীর্ষ এই চিকিৎসা শিক্ষায়তনে মানুষের জীবন নিয়ে অবহেলার এমন ঘটনা একইসঙ্গে ক্ষোভ ও শঙ্কার জন্ম দিয়েছে।

রোগীকে মৃত ঘোষণার আগে চিকিৎসকের যেসব নিয়ম মানার কথা, তা ঠিকঠাক মানা হচ্ছে কি-না, অথবা সেই নিয়মে কোনো পরিবর্তন আনা প্রয়োজন কি-না, উঠে এসেছে সে প্রশ্নও।

গত শুক্রবার বিকালে মারা যাওয়ার এক দিন আগেই কেন মধ্য চল্লিশের ওই নারীকে মৃত ঘোষণা করা হয়েছিল তার উত্তর খুঁজতে হাসপাতালের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ চিকিৎসক থেকে শুরু করে নার্স ও কর্মীদের সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তাদের সবার কথায় একটি বিষয়ই স্পষ্ট হয়েছে- ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে সেদিন দায়িত্বে থাকা সেই নারী চিকিৎসক রোগীকে পরীক্ষাই করেননি।  

হাসপাতালের উপ পরিচালক ডা. মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং সোমবারই এর প্রতিবেদন পাওয়ার কথা।  

গত ২ ডিসেম্বর হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় অজ্ঞাতপরিচয় ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেন হাসপাতালের পরিচালক। তাকে দুর্বলতা, পুষ্টিহীনতার চিকিৎসা দেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। এর চার ঘণ্টা পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নিতে এসে এক ওয়ার্ডবয় দেখতে পান, সেই নারী তখনো জীবিত।

শেষ পর্যন্ত শুক্রবার বিকালে সত্যি সত্যি মৃত্যু হয় তার। 

চূড়ান্ত অবহেলা

নজিরবিহীন এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা যেমন সমালোচনার মুখে পড়েছেন, তেমনি প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের রোগী ব্যবস্থাপনার ধরন।

পুরো বিষয়টি সম্পর্কে অবগত একজন জ্যেষ্ঠ চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চিকিৎসক ব্যক্তিগতভাবে চূড়ান্ত  দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। 

যে নারী চিকিৎসক সেই রোগীর ডেথ সার্টিফিকেটে সই করেন তিনি হাসপাতালের একজন অনারারি মেডিকেল অফিসার (এইচএমও)। স্নাতকোত্তর ডিগ্রি শেষে প্রশিক্ষণের অংশ হিসাবে বিনা বেতনে দায়িত্ব পালন করছিলেন তিনি।  

ঢাকা মেডিকেলে রোগী সামলানোর ক্ষেত্রে এই অনারারি মেডিকেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতলে সব সময়ই শয্যার চেয়ে অন্তত দ্বিগুণ রোগী সামলাতে হয়।  

বৃহস্পতিবার দুপুরে কাজে আসার পরপরই ৮০২ নম্বর ওয়ার্ডের সেই নারীকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক।   

অত্যন্ত রুগ্ন স্বাস্থ্যের সেই নারী হাসপাতালে আসার প্রথম দিন থেকেই সংজ্ঞাহীন ছিলেন।  

দায়িত্বরত আগের চিকিৎসক পালা বদলের সময় মৌখিকভাবে জানিয়ে যান যে ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন ওই রোগীর অবস্থা সংকটজনক। কিন্তু তার অর্থ করা হয়- রোগী মারা গেছেন।    

ওই ওয়ার্ডের এক সহকারী, যিনি ডেথ সার্টিফিকেট তৈরির কাজে চিকিৎসককে সহযোগিতা দিয়ে থাকেন, তিনি দায়িত্বে আসা নতুন এইচএমওকে ওই নারীর জন্যও ডেথ সার্টিফিকেট দিতে বলেন। 

এরপর সেই চিকিৎসক রোগীকে পরীক্ষা না করেই সার্টিফিকেটে সই করে দেন।

এ ঘটনাকে ‘একটি বড় ধরনের ভুল’ হিসাবে উল্লেখ করেছেন ওই বিভাগেরই আরেকজন চিকিৎসক, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।  

যেভাবে মৃত ঘোষণা করা হয়

মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক টিটু মিয়া জানান, নাড়ির গতি (পালস), রক্তচাপ, শ্বাস-প্রশ্বাস ও মস্তিষ্ক পুরোপুরি অচল কি-না তা দেখে তবেই একজন রোগীকে মৃত ঘোষণা করার নিয়ম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে তিনি বলেন, “যখন আমরা নিশ্চিত হই যে একজন রোগীর এসব বিষয়ের কোনোটাই কাজ করছেন না- কেবল তখনই আমরা তাকে মৃত ঘোষণা করতে পারি।” 

তবে অনেকসময় ইসিজি করারও পরামর্শ দেওয়া হয়। 

“চোখের মনিতে আলো ফেলে দেখা হয়, শরীরের রিফ্লেক্সও আমরা পরীক্ষা করি। এতে বোঝা যায় রোগীর মস্তিষ্ক ও হৃদপিণ্ড সচল কি-না।” 

তবে কখনো এমন হতে পারে যে রোগীর হৃৎস্পন্দন, নাড়ির গতি, শ্বাসপ্রশ্বাস কিছুক্ষণ থমকে থেকে আবার ফিরে এসেছে। আর সে কারণেই নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করার পরামর্শ দেন চিকিৎসকরা। 

যেহেতু তদন্ত চলছে, সেহেতু ৮০২ নম্বর ওয়ার্ডের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ডা. টিটু। তবে তিনি বলছেন, এ ধরনের ঘটনা তাদের জন্য একেবারেই নতুন।

“এ থেকে আমাদের শেখার আছে। এখন আমরা একটি চেক লিস্ট তৈরি করতে পারি, যার সবগুলো উত্তর পেলেই হাসপাতালের একটি রোগীকে একজন চিকিৎসক মৃত ঘোষণা করতে পারবে।” 

টিটু মিয়া জানান, তারা সবসময়ই কাউকে মৃত ঘোষণা করার আগে চিকিৎসকদের অন্তত ৩০ মিনিট সময় নিতে বলেন। কনিষ্ঠ চিকিৎসকরা নিশ্চিত হতে না পারলে তাদের জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়। 

তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ‘ক্লিনিক্যালি ডেড’ রোগীকে মৃত ঘোষণার ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি বিভাগের সমন্বয়ে গঠিত চিকিৎসকদের একটি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দেয় বলে জানান তিনি।