৯ ঘণ্টা পর পশ্চিমের সঙ্গে পূর্বের রেল যোগাযোগ শুরু
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে রাজশাহী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আবার চালু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার সকাল সোয়া ৮টার দিকে ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার পথে সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ এলাকার ইকোপার্কের কাছে ওই ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়।
ফলে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমবঙ্গের সব গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভুইয়া জানান, লাইনচ্যুত বগি সরিয়ে লাইন মেরামতের পর বিকেল ৫টায় আবার ট্রেন চলাচল শুরু হয়।
এর পরপরই বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে অপেক্ষমাণ রাজশাহী গামী ধূমকেতু এক্সপ্রেস সেতু পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
রাজশাহী এক্সপ্রেসের চালক শামসুল আলমের অভিযোগ, তার ট্রেন ব্রডগ্রেজ লাইনে ছিল। সেতুতে ওঠার আগে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় স্টেশনের লাইনম্যান ভুল করে মিটার গেজে যাওয়ার সংকেত দেওয়ায় দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, ভোরে রাজশাহী থেকে রওনা হয়ে সকাল সোয়া ৮টার দিকে তিনি ট্রেন নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছান। যাত্রাবিরতি শেষে লাইনে সবুজ সংকেত পেয়ে কিছুদূর যেতেই হঠাৎ ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচুত্য হয়।
বঙ্গবন্ধু সেতুতে ওঠার জন্য গতি কম থাকায় ট্রেনেটি সঙ্গে সঙ্গে থেমে যায়। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান তিনি।
আব্দুল আউয়াল জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ের পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
