পাল্টা মিছিল শামীম ওসমান অনুসারীদের
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সমাবেশ থেকে ‘ওসমান পরিবার বিরোধী’ বক্তব্য দেয়ায় নারায়ণগঞ্জে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র ও যুবলীগের একাংশের নেতা-কর্মীরা, যারা ‘শামীম ওসমানপন্থী’ বলে পরিচিত।
শনিবার বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে ‘যুব ও ছাত্রলীগ’-এর ব্যানারে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়েই শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বাসসের উপ বার্তা সম্পাদক কবি হালিম আজাদ এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুমের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
মিছিলের সামনের মূল ব্যানারে লেখা ছিল- ‘রাব্বি, হালিম ও রাজকারপুত্র মাসুমের অশ্লীল বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।’
এর আগে শুক্রবার এক সমাবেশে ত্বকীর বাবা এবং মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে ‘খুনী পরিবার’ বলে আখ্যায়িত করেন।
শামীম ওসমান (ফাইল ছবি)
“আপনি প্রশাসনকে বলুন যাতে দ্রুত ত্বকী হত্যার চার্জশিট দেওয়া হয়।”
রফিউর রাব্বির ওই বক্তব্যের প্রতিবাদেই নারায়ণগঞ্জ যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানির নেতৃত্বে শনিবারের বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল থেকে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধেও স্লোগান দেয়া হয়।
জীবনের নিরাপত্তা চাইলেন দুইজন
জীবনের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী সাখাওয়াত হোসেন খান এবং বারের জ্যেষ্ঠ আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম শনিবার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নিচতলার গণশৌচাগারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেলে তারা দুই আইনজীবী জেলা আইনজীবী সমিতির নিচ তলায় বসে পেশাগত আলাপ করছিলেন।
“ওই সময় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান আমাদের প্রতি আঙ্গুল তুলে সবার সম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।”
ফাইল ছবি: রফিউর রাব্বি
“এমতাবস্থায় আমরা উভয়ে জীবনের নিরাপত্তার অভাব বোধ করছি এবং শামীম ওসমান ও তার লোকজন যে কোনো সময় আমাদের জীবননাশসহ যে কোনো ক্ষতি সাধন করতে পারেন।”
হুমকির ঘটনায় থানায় জিডি না করার ব্যাপারে জানতে চাইলে আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, “শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য। আদালত ফতুল্লা থানার অন্তর্গত।
“একজন সাংসদের বিরুদ্ধে তার অধীনস্ত ওসি জিডি নেবেন না বলেই আমাদের ধারণা। এ ধারণা থেকেই ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করে নিরাপত্তা চাওয়া হয়েছে।”
