২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোঝেনা সে বোঝেনা’ নিয়ে স্বামী-স্ত্রীর লঙ্কাকাণ্ড

ভারতীয় টিভি চ্যানেল ‘স্টার জলসা’য় ধারাবাহিক নাটক দেখা নিয়ে ঝগড়ার জেরে যশোরে স্বামী ও স্ত্রী পরস্পরকে হামলায় জখম করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শনিবার শহরের ঘোপ বেলতলা এলাকায় এই ঘটনায় আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রওশন আলীর ছেলে আব্দুর রহমান (৩৮) ও তার স্ত্রী লিপি বেগম (৩০)। তারা স্থানীয় লেদু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, তিনি ইজিবাইক (অটো রিকশা) চালান। দুপুরে বাসায় আসেন ভাত খাওয়ার জন্য। এ সময় তার স্ত্রী লিপি বেগম ভারতীয় টিভি ‘চ্যানেল স্টার জলসা’য় ধারাবাহিক নাটক ‘বোঝেনা সে বোঝেনা’ দেখছিলেন।

তিনি ভাত চাইলে স্ত্রী নাটক শেষ হওয়ার পর দেবেন বলে জানান। এ সময় আব্দুর রহমান ক্ষুব্ধ হয়ে টেলিভিশন ভেঙ্গে ফেলেন।

আব্দুর রহমান বলেন, তখন স্ত্রী লিপি বেগম ধারালো বটি দিয়ে আব্দুর রহমানকে কুপিয়ে জখম করেন। পরে আব্দুর রহমানও স্ত্রীকে মারধর করেন।

লিপি বেগম জানান, তার বাবার বাড়ি থেকে দেওয়া টেলিভিশনটি ভেঙ্গে ফেলার কারণে ক্ষিপ্ত হয়ে তিনি স্বামীকে কুপিয়ে জখম করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, পরস্পরের হামলায় এ দম্পতি জখম হয়েছেন। এর মধ্যে স্ত্রীর শরীরে কাচের টুকরা পাওয়া গেছে এবং স্বামী ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।