শেখ রেহানা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে ইন্সুরেন্স কোম্পানির এক নারী কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, যিনি নিজেকে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার পরিচয় দিয়ে গভর্নরকে টেলিফোন করেছিলেন বলে র্যাব জানিয়েছে।
শনিবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তার মারজিয়া জান্নাতি নুপা ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক।
পাশাপাশি তার স্বামী ঠিকাদার কাশেম মজুমদারকেও গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক গোলাম সারোয়ার বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “মারজিয়া নিজেকে শেখ রেহানা পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে টেলিফোন করে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ-এর চেষ্টা করেছিলেন।
এছাড়া বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির ইন্সুরেন্সের টাকাও তাকে দেওয়া যায় কিনা সে ব্যাপারেও বিভিন্ন ব্যাংককে নির্দেশ দিতে গভর্নরকে ‘পরামর্শ’ দেন মারজিয়া বলে জানান র্যাব কর্মকর্তা গোলাম সারোয়ার।
তিনি বলেন, “সেদিন ফোন করার পর গভর্নরের সন্দেহ হয়। পরে যে নম্বর থেকে ফোন এসেছিল সে নম্বরে ফোন করার জন্য ব্যক্তিগত সহকারিকে নির্দেশ দেন গভর্নর।
“ব্যাক্তিগত সহকারী ওই নম্বরে ফোন করলে এক মহিলা ফোন ধরে নিজেকে ‘সেতু’ নামে পরিচয় দেন এবং বাড্ডায় থাকেন বলে জানান।”
বিষয়টি ওইদিনই র্যাবকে জানানো হলে তদন্ত শুরু করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাব অধিনায়ক গোলাম সারোয়ার বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করে নিশ্চিত হওয়া যায় ইন্সুরেন্স কোম্পানির ওই কর্মকর্তা এবং তার ঠিকাদার স্বামী প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।
“এভাবেই তারা লাখ লাখ টাকা অবৈধভাবে আয়ের স্বপ্ন দেখছিলেন।”
র্যাব কর্মকর্তারা বলছেন, টানা কয়েকদিন ধরে তদন্ত চালিয়ে নিশ্চিত হওয়ার পরই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা অপরাধ স্বীকার করেছেন।
