যশোর থেকে অপহরণের ২০দিন পর কক্সবাজারে উদ্ধার
যশোর থেকে মুক্তিপণ দাবিতে অপহরণের ২০ দিন পর এক যুবককে কক্সবাজারের উখিয়া থেকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের অভিযোগে আটক করা হয়েছে আরও দুই যুবককে।
আটকরা হলেন- উখিয়া কোটবাজার এলাকার মুসা আলী (২৮) ও আবু ইউসুফ (৩০)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এএসপি দেলোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ জাকারিয়া (২৬) নামে অপহৃত ওই যুবককে উদ্ধার করে র্যাব ৭ এর সদস্যরা।
অপহৃত মোহাম্মদ জাকারিয়ার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
"মুক্তিপণের টাকা দেওয়ার কৌশলে শুক্রবার সন্ধ্যায় প্রথমে অপহরণকারী চক্রের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই দিন রাত সাড়ে ১১টায় অপহৃত জাকারিয়াকে উদ্ধার এবং আরও এক অপহরণকারীকে আটক করা হয়।"
এ ঘটনায় অপহৃত যুবকের এক আত্মীয় বাদী হয়ে থানায় মামলা করবেন বলে এএসপি দেলোয়ার জানান।
