২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 10:12 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

তার এই সফরে দ্বিপক্ষীয় বৈঠকে একটি বাণিজ্য চুক্তি নবায়নের কথা রয়েছে। এছাড়া বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, কৃষি, বাণিজ্যসহ যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা হবে।

১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে শনিবার সকালে শেরিং তোবগে ঢাকায় নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় একটি শিশু শেরিং তোবগের হাতে ফুলের তোড়া তুলে দেয়। এরপর তিন বাহিনীর একটি দল ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়। দুই দেশের জাতীয় সংগীতের পর সশস্ত্র সালাম নিয়ে গার্ড পরিদর্শন করেন তিনি।

বিমানবন্দরে শেরিং তোবগে তার সফরসঙ্গীদের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানকে পরিচয় করিয়ে দেন।

শেখ হাসিনার সঙ্গে বিমানবন্দরে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। সেখানে তিনি পৌঁছলে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

শেরিং তোবগে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং একটি “উদয় পদ্ম” ফুল গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তোবগের প্রথম ঢাকা সফর। তিনি গত বছরের জুলাইয়ে ভুটানের সরকার প্রধানের দায়িত্ব নেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছিলেন, ভুটানের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে তোবগে বাংলাদেশে আসার আগ্রহের কথা বলেন। তা শোনার পর শেখ হাসিনা তাকে আমন্ত্রণ জানান।

ভুটানের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে বাংলাদেশে এসেছে।

বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে দুই কোটি ৬০ লাখ ডলার। সম্প্রতি বাংলাদেশের উদ্বৃত্ত ইন্টারনেট ব্যান্ডউইডথ কেনার বিষয়ে আগ্রহ জানিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় বড় পাথর বা বোল্ডার রপ্তানির বিষয়েও আগ্রহ রয়েছে তাদের।

বাংলাদেশ সফরে তোবগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিন দিনের সফর শেষে আগামী ৮ ডিসেম্বর ভুটানের প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার কথা রয়েছে।