চারঘাটে লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
রাজশাহীর চারঘাট উপজেলায় এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার শলুয়া ইউনিয়নের ফতেপুর বুধারপাড়া গ্রামে মন্টুর লাশ পাওয়া যায়।
মন্টুর পরিবারের দাবি, জমিজমা নিয়ে ভাইদের সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা জানান, সকালে গ্রামের লোকজন বাড়ির পাশের একটি আম গাছে মাফলার দিয়ে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, জমিজমা নিয়ে মন্টুর সঙ্গে তার বড় ভাই আনছার ও ছোট ভাই বাবুর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার পর দুই ভাই সপরিবারে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
তাদের গ্রেপ্তার করা গেলে মন্টুর মৃত্যু রহস্যের কিনারা করা যেতে পারে বলে ওসি ধারণা করছেন।
মন্টুর স্ত্রী নাছিমা বেগম জানান, তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সড়কের পাশে তিন ভাইয়ের নামে ৫২ শতক জমি রয়েছে। ওই জমির দখল নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
ছেলে সন্তান না থাকায় মন্টু সম্প্রতি ওই জমিতে তার ভাগের অংশ তার দুই মেয়ের নামে লিখে দেয়।
এর কয়েকদিন পর ওই জমির পাশে ঘর নির্মাণের কাজ শুরু করেন বড়ভাই আনছার। এতে মন্টু বাধা দিলে সেখানে তাকে মারপিট করা হয়। এ নিয়ে মন্টু থানায় অভিযোগ করলে পুলিশ ঘর নির্মাণ বন্ধ করে দেয়।
এর জেরে মন্টুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নাছিমা বেগম।
