লতিফের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, রোডমার্চ
আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, রোডমার্চ ও গণস্বাক্ষর সংগ্রহসহ তিন মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
হজ নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো লতিফের বিচারের দাবিতে শুক্রবার বায়তুল মোকাররমের সামনে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৯ ডিসেম্বর জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১২ ডিসেম্বর সিলেট বিভাগীয় মহাসমাবেশ এবং ২৫ ডিসেম্বর থানায় থানায় বিক্ষোভ।
২৩-২৫ ডিসেম্বর ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত রোডমার্চ, ৫-৭ জানুয়ারি ঢাকা থেকে সিলেট অভিমুখে রোডমার্চ, ৭-৯ জানুয়ারি ঢাকা থেকে খুলনা অভিমুখে রোডমার্চ, ১০-১১ জানুয়ারি খুলনা থেকে বরিশাল অভিমুখে রোডমার্চ, ২১-২৩ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ এবং ১৫-২৮ ফেব্রুয়ারি সারাদেশে গণস্বাক্ষর সংগ্রহ।
একই দাবিতে সংসদের চলমান অধিবেশনের সময়ে সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ এবং ১৮ মার্চ বঙ্গভবন অভিমুখে গণমিছিল ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও দেওয়া হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার পর পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে দলটির নেতা-কর্মীরা।
এরপর রাস্তায় দলের প্রেসিডিয়াম সদস্য তৈয়ব মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহর ইমামতিতে জুমার নামাজ আদায়ের পর অনুমতি ছাড়া সেখানে সমাবেশ শুরু করে দলটি। এসময় দলের নেতাকর্মীরা পল্টন মোড় দখল করে নিলে মোড়ের সবগুলো পথ বন্ধ হয়ে যায়।
মোসাদ্দেক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হজ নিয়ে লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু অনুমতি না পাওয়ায় এখানেই আমরা সমাবেশ করব।”
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এবিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার সাইদুর রহমান বলেন, “সমাবেশের অনুমতি না থাকায় এ পথে চলাচল করা যানবাহনের জন্য বিকল্প কোনো পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা না থাকায় আমরাও যানবাহনকে বিকল্প কোনো পথ ব্যবহারের নির্দেশনা দিতে পারছি না।"
এর কিছুক্ষণ পর পুলিশের রমনা বিভাগের এডিসি মো. ইব্রাহিম খান বলেন, কর্মসূচির কারণে চলাচলে সমস্যা হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন যানবাহনকে বিকল্প পথে চলার নির্দেশনা দেওয়ার ব্যবস্থা করে।
“সমাবেশের অনুমতি ছিল না। তাদের দলীয় কার্যালয়ের সামনে বায়তুল মোকাররম ও কাকরাইলে জুমার নামাজ পড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ করে এবং কর্মসূচির ঘোষণা দেয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
