কুমিল্লায় শ্রমিক নেতাকে মারধর, মহাসড়ক অবরোধ
চাঁদা না দেওয়ায় কয়েকজন নেতাকে মারধরের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার বেলা ২টায় কুমিল্লার আলেখার চর এলাকায় বাস ফেলে এ অবরোধে মহাসড়তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিকালে কুমিল্লার পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়ার কথা জানান শ্রমিক নেতারা।
এশিয়া পরিবহনের স্বত্ত্বাধিকারী রইস আবদুর রব সাংবাদিকদের জানান, ক্ষমতাসীন দলের সমর্থক পরিচয় দিয়ে অপু, ইয়াছিন ও দেলোয়ারের নেতৃত্বে মহানগরীর পদুয়ার বাজারে বাস শ্রমিকদের কাছে চাঁদা দাবি করা হয়। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েকজন শ্রমিককে মারধর করা হয়।
ফাইল ছবি
সেখানে চাঁদাবাজরা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পালের সামনে তাদের দুইজনকেও মারধর করে।
“এতে মোহাম্মদ আলীর মাথা ফেটে গেছে। তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের ভর্তির পর আইসিইউতে রাখা হয়েছে।”
রইস আবদুর রব বলেন, “এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। বিকাল ৪টার দিকে আমরা পুলিশ সুপারের সাথে বৈঠক করেছি। তার কাছে ওসির প্রত্যাহার এবং অপুসহ অন্য চাঁদাবাজদের গ্রেপ্তার দাবি করেছি। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।”
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি কবির আহমেদ বিকাল পৌনে ৫টার দিকে জানান, তারা শ্রমিক নেতাদের মারধর ছাড়াও ১০/১২টি বাস ভাংচুর করেছে। পুলিশ সুপার তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
এদিকে ওসি প্রশান্ত পাল তার সামনে শ্রমিক নেতাদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
এদিকে কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস টার্মিনাল থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বাস টার্মিনালে আটকা পড়েন।
