রাবিতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান
কেন্দ্রীয় ছাত্রলীগের সপ্তাহব্যাপী ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেন, “ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত সংগঠন। কিন্তু, ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য কিছু অনুপ্রবেশকারী ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
তিনি এদের ব্যাপারে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণে বেলা সাড়ে ১১টার দিকে পুরাতন ফোকলোর চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। দুপুর ২টা পর্যন্ত তারা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের চারপাশের আবর্জনা পরিষ্কার করে।
এ সময় তারা ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাস্টবিন স্থাপন করে।
আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা।
অনুষ্ঠানে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম রুবেল, রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
