২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেয়েদের বিয়ের বয়স আঠারোই জয়যুক্ত হচ্ছে’

বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যুনতম বয়স বিতর্কে শেষ পর্যন্ত ষোল নয় বরং আঠারো বছরের দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 12:18 AM

Updated : 25 Apr 2022, 05:04 PM

বুধবার ‘বাল্যবিবাহ ও জোরপূর্ব বিয়ে প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ নিয়ে দেশে এখন যে বিতর্ক হচ্ছে তাতে দেখা যাচ্ছে ১৬ নয়, ১৮ বছরই জয়যুক্ত হচ্ছে।

“সময় লাগলেও বাল্য বিবাহ রোধে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ আইন পাবো বলে আশা করছি।”

ওমেন জার্নালিস্ট নেটওয়ার্ক আয়োজিত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠানে নিজ অবস্থানে থেকে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

বর্তমান আইনে বাংলাদেশে মেয়েরা বিয়ের যোগ্য হয় ১৮ বছর বয়সে,জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ওই বয়সেই শৈশব শেষ হয়।

সম্প্রতি লন্ডনে কন্যাশিশু সম্মেলনে যোগ দিয়ে বাল্যবিয়ের হার কমিয়ে আনার বিষয়ে নিজের অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে বিয়ের বয়স পরিবর্তনের অর্থ দাঁড়াবে এ বিষয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা সরে আসা।

বাল্যবিয়ের হারের দিক দিয়ে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে রয়েছে সামনের  কাতারে, যা মাতৃমৃত্যুর হার বৃদ্ধিরও অন্যতম কারণ।

সম্প্রতি বাল্যবিয়ে বন্ধের জন্য দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

তবে ওই প্রস্তাবে অনুমোদনের সময় সামাজিক বাস্তবতার নিরিখে বিয়ের বয়স কমানো যায় কি না- তা পর্যালোচনা করতে বলেছে মন্ত্রিসভা।

এরপরই বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স কমানোর বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়।   

যে বিতর্কের সৃষ্টি হয়েছে তাকে সাধুবাদ জানিয়ে প্রতিমন্ত্রী চুমকী বলেন, “উন্নত দেশে কোনো আইন হওয়ার আগে সাধারণ মানুষকে তা জানানোর জন্য বিভিন্ন প্রচার কাজ পরিচালিত হয়। কিন্তু আমাদের দেশে তেমন কোন ব্যবস্থা নেই।

“কিন্তু বাল্য বিয়ে রোধে মেয়েদের বয়স নির্ধারণ নিয়ে যে বিতর্ক হচ্ছে তাতে ওই আইন সম্পর্কে জনগণ জানতে পারছে। শহর থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানেও এই বিতর্ক চলছে।”

নেটওয়ার্কের সমন্বয়ক দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ মানসুরা হুসাইন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকায় কানাডা হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিয়ান টার্ডিফ, ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা ম্যাটাভেল পিকিন, ইউএনওমেন’র বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিন হান্টার, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লুইস মোভনো এবং জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

শ্যামল দত্ত বলেন, “বাল্যবিবাহ রোধে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ নিয়ে বিতর্ক চলছে। কিন্তু এখনও বিষয়টি ধোঁয়াশাই রয়েছে। মেয়েদের বিয়ের বয়স কমানোর ক্ষেত্রে হয়তো কোন একটি মহলের বিশেষ চাপও রয়েছে।

“বাল্য বিবাহ  একটি সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় ইস্যু। রাজনৈতিক ইস্যুও বটে। রাজনৈতিক ‘কমিটমেন্ট’ এবং ‘পলিসি’ দিয়ে সরকারকে এই বিষয়টি মোকাবেলা করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, একদিনে বাল্যবিবাহ বন্ধ হয়ে সামাজিক পরিবর্তন আসবে না। এর জন্য প্রয়োজন সামাজিক বিপ্লব। বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা দূরীকরণে সরকার, গণমাধ্যম এবং উন্নয়ন সহযোগীদের একসঙ্গে ভূমিকা রাখতে হবে। তবেই মেয়েদের জীবনে পরিবর্তন আসবে।