২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্র মিল্টন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

তিন বছর আগে ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র মিল্টন বড়ুয়াকে হত্যার দায়ে  একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 11:12 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত আলম ওরফে আফসার গাড়ি ছিনতাইকারী দলের সদস্য বলে মামলায় বলা হয়েছে। 

আলমের পাশাপাশি রায়ে রুবেল নামে আরেক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আলম পলাতক, গ্রেপ্তার রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।

২০১১ সালের ২৩ অক্টোবর রাত ৯টার দিকে মোটর সাইকেলে চড়ে বন্ধু রায়হানসহ বাসায় যাওয়ার পথে বেইলি রোডে রমনার অফিসার্স ক্লাবের বিপরীতে ছিনতাইয়ের কবলে পড়েন মিল্টন।

ওই সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম হন মিল্টন ও রায়হান। হাসপাতালে নেওয়ার পর মারা যান মিল্টন।

এ ঘটনায় মিল্টনের বাবা প্রতাপ বড়ুয়া ২৪ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করেন। এরপর গ্রেপ্তার রুবেল  আদালতে ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।