২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্জিত সমুদ্রসীমার সুরক্ষায় বাড়াতে হবে নিরাপত্তা’

‘সমুদ্রজয়ের’ পর সমুদ্র সম্পদগুলো ঠিকমতো ব্যবহার করতে হলে নিরাপত্তার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এক সেমিনারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার, চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 10:34 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার চট্টগ্রাম নৌ ঘাঁটি ঈশা খান কমান্ড মেসে ‘সমুদ্র সম্পদের নিরাপত্তার ও জাতীয় অর্থনীতিতে সমুদ্র সম্পদের গুরুত্ব’ বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের প্রথম দিন বক্তারা এই অভিমত জানান।

তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ‘ব্লু ইকোনমি’ নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে।

মানব পাচার ও মাদক পাচার রোধ, সমুদ্রে-দুর্ঘটনা, অবৈধ মাছ শিকার, সমুদ্র দূষণ, অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুতা, চোরাচালান মোকাবেলার কথা বলেন তারা।

নৌবাহিনীর ক্যাপ্টেন এএসএম আফজালুল হক বলেন, বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনীর কর্মপরিধিও অনেক গুণ বেড়ে গেছে।

সমুদ্র মৎস্য সম্পদ বিভাগের পরিচালক নাসির উদ্দিন মো. হুমায়ন বলেন, বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে বিদেশি মাছ ধরার ট্রলারের ঢুকে পড়া ঠেকানো একটি বড় চ্যালেঞ্জ।

নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, “মেরিটাইম পলিসি এখন অত্যন্ত জরুরি। সমুদ্র ঘিরে নিরাপত্তায় কৌশলগত পথনকশা এখন সময়ের দাবি।”

তিনি বলেন, “সমুদ্র ঘিরে আমাদের ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার বিষয় জড়িত। রয়েছে অন্যান্য খনিজ সম্পদও “

এই নিরাপত্তা নিশ্চিত করতে উপ-আঞ্চলিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের পক্ষে মত দেন তিনি।