২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে খালেদার সমাবেশের ভেন্যু নিয়ে দ্বিমত

নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশের স্থান নিয়ে জেলা ও নগর বিএনপি একমত হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 10:32 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

নারায়ণগঞ্জ জেলা বিএনপি জানায়, আগামী ১৩ ডিসেম্বর কাঁচপুরের বালুর মাঠে সমাবেশ করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

ভেন্যুটি ইতিমধ্যে জেলা বিএনপি নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন।  

নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান কাঁচপুর বালুর মাঠে সমাবেশ করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

তিনি আরও বলেন, কাঁচপুর ডিএমপির ডাম্পিং সাইটে বিএনপির চেয়ারপারসন কেন সমাবেশ করবেন? জেলা শহরে সমাবেশ না করে থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের কোণায় কেন সমাবেশ হবে?

"এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়ার সমাবেশ হতে হবে আমাদের নগরের মধ্যেই। কারণ কাঁচপুরে কিন্তু কোন মানুষ নেই। সেখানে সব ভাসমান মানুষ।"

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান জানান, “আমরা অনুমতির জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি। আশা করছি অনুমতি পাব।”