২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ড: দণ্ডিত আনসার সদস্য জামিনে মুক্ত

বিডিআর বিদ্রোহের সময় পিলখানা হত্যাকাণ্ডের মামলায় তিন বছর কারাদণ্ডে দণ্ডিত আনসার সদস্য সরওয়ার হোসেন জামিনে ছাড়া পেয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

হাই কোর্ট থেকে জামিন পাওয়ার প্রায় সাড়ে ৫ মাস পর বুধবার চুয়াডাঙ্গা কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার আইনজীবী শামীম সরদার।

বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে সরওয়ারের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে গত ১৬ জুলাই তাকে এক বছরের জামিন দেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।

“হাই কোর্টের জামিনের আদেশের পরও পরিচয়ে ভুল থাকায় সেটা নিশ্চিত হতে এতটা সময় লেগে গেল,” বলেন অ্যাডভোকেট শামীম।

সরওয়ার বিচারিক আদালতে রায় ঘোষণার আগেও জামিনে ছিলেন। রায়ে কারাদণ্ড হলে তাকে কারাগারে পাঠানো হয়।

শামীম সরদার বলেন, পিলখানায় নিহত মেজর সালেহর মোবাইল ফোন পাওয়া গিয়েছিল আনসার সদস্য সরওয়ারের কাছে। তার ভগ্নিপতি বিডিআরের সিপাহী তৌহিদ তাকে ওই ফোন দিয়েছিলেন বলে সাক্ষ্যপ্রমাণে উঠে আসে।

“ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কেবল একটি মোবাইল রাখার কারণে বিচারিক আদালতে দণ্ড হয় সরওয়ারের। অন্যদিকে মোবাইলদাতা সিপাহী তৌহিদ কিন্তু খালাস পান।”

আপিলে এই যুক্তি তুলে ধরে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এরপর অন্য অনেকের সঙ্গে সরওয়ারকেও গ্রেপ্তার করা হয়।

এর চার বছর পর ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান যে রায় ঘোষণা করেন, তাতে ১৫২ জনকে জওয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।