২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবিশ্বাসের দেওয়াল’ ভাঙতে হবে: কাদের

বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘অবিশ্বাসের দেওয়াল’ ভাঙার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 06:55 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

বুধবার চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ‍‘বাংলাদেশ-ভারত যোগাযোগ: সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) এবং ঢাকায় ভারতীয় হাই কমিশন যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, “আমাদের মধ্যে রি-অ্যাকটিভ নয়, প্রো-অ্যাকটিভ ডিপ্লোমেসি দরকার। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে অবিশ্বাস, সন্দেহ আছে। অবিশ্বাসের এ দেওয়াল ভেঙে দিতে হবে। সুসম্পর্ক ও গঠনমূলক কূটনীতি দিয়ে জনগণ-জনগণ সম্পর্ক বাড়াতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাস চলতে পারে না। কিছু স্পর্শকাতর বিষয় আছে, চ্যালেঞ্জ-ক্রাইসিস থাকবে। সেগুলো পেরিয়ে আসতে হবে।

“আমাদের নিজেদের স্বার্থেই ভারতের সাথে সুসম্পর্ক বাড়াতে হবে। গঠনমূলক অংশীদারিত্ব ও যোগাযোগ বাড়াতে হবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, “দেশে মানুষ অনেকদিন মনে করেছে- বাংলাদেশে আওয়ামী লীগ ভারতের সোল এজেন্সি নিয়েছে। কেন? স্বাধীনতা যুদ্ধে ধাত্রীর ভূমিকায় ছিল ভারত। কয়েক হাজার ভারতীয় সৈন্য মারা গেছে।

“তাই বলে সব স্বার্থ বিসর্জন দেব তা নয়। কখনো হয়নি। ভবিষ্যতেও এমন হবে না।”

ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “অনেকে ভেবেছিল, আওয়ামী লীগ-কংগ্রেস সুসম্পর্ক। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তা থাকবে না। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসায় পর দুই দেশের সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি যোগ হয়েছে।

“ভারতের বর্তমান সরকার তিস্তার পানি বণ্টনে সম্মত হয়েছে। স্থলসীমান্ত চুক্তি শীঘ্রই অনুমোদন হয়ে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেন, “একাত্তর থেকে একসাথে আমরা অনেক পথ পেরিয়েছি। সম্পর্কে এখনও কিছু জটিলতা আছে। অর্থনৈতিকভাবে আমাদের এখন একসাথে এগোতে হবে।

“যে কোনো ধরনের কানেকটিভিটির জন্য ভারত সব উদ্যোগ নিতে প্রস্তুত। সীমান্তে অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীদের সচেতনতা আমাদের সক্রিয় হতে বাধ্য করবে।”

দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি মেটাতে পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে পঙ্কজ শরণ বলেন, “এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল মানসিক ঐক্য। কীভাবে একসঙ্গে কাজ করা যায় এবং একসঙ্গে এগিয়ে ‍যাওয়া যায় তা নির্ধারণ করা। বাণিজ্য ঘাটতি মেটাতে ভারত রাজনৈতিকভাবে অঙ্গীকারাবদ্ধ।”

বাংলাদেশের চলমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে হলে সড়কের পাশাপাশি সমুদ্র ও নৌ যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্ব দেন ভারতীয় হাই কমিশনার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মঈনুল ইসলাম অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন।

সিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ এম এ লতিফ ও ত্রিপুরা চেম্বারের সভাপতি এম এল দেবনাথ।

আলোচনায় অংশ নেন এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, জাপানের অনারারি কনসাল নুরুল ইসলাম ও সিসিসিআই’র সাবেক সভাপতি মীর্জা আবু মনসুর।