ঈশ্বরদীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের ধাক্কায় এক শিশু ছাত্র নিহত হয়েছে।
রামচন্দ বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা রিনা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ইমন বাই সাইকেল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল।
রাস্তায় পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাক চালক ও সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি থানা নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ওসি জানান।
