শামারুখের লাশ তোলা পেছালো
দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিনের লাশ কবর থেকে তোলা একদিন পিছিয়েছে।
আনুষ্ঠানিকতা সারতে দেরির কারণে লাশ বৃহস্পতিবার তোলা হবে বলে জানিয়েছেন যশোর জেলার পুলিশ সুপার আনিসুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবার ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার শামারুখের লাশ উত্তেলন করা হবে।
“বুধবার লাশ তোলার কথা থাকলেও ঢাকায় কিছু চিঠি পাঠাতে দেরি হওয়ায় কাজ একদিন পিছিয়ে গেছে।”
এদিকে শামারুখ হত্যামামলার তদন্ত তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করায় লাশ উত্তোলনের সময় আলামত সংগ্রহের জন্য উপস্থিত থাকবেন সিআইডির তদন্ত কর্মকর্তা।
সিআইডির এএসপি মুন্সী রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শামারুখের লাশের পুনঃময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করতে বুধবার বিকেলেই আমি যশোর পৌঁছাবো।”
শনিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে শামারুখ হত্যামামলা ধানমণ্ডি থানা থেকে সিআইডিতে স্থানান্তর করে রুহুল কুদ্দুসকে তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার আনিসুর জানান, লাশ তোলার পর ময়নাতদন্তের সময় খুলনার সিভিল সার্জনের নেতৃত্বে তিনজন চিকিসক উপস্থিত থাকবেন।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে সাংসদের বাসভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামারুখকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় ওই দিনই নিহতের স্বামী হুমায়ূন সুলতান সাদাব, তার বাবা টিপু সুলতান ও মা জেসমিন আরা বেগমকে আসামি করে হত্যা মামলা করেন শামারুখের বাবা নুরুল ইসলাম।
ওই মামলায় রিমান্ড শেষে হুমায়ূন সুলতান কারাগারে রয়েছেন, বাকি দুজন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শামারুখের লাশের প্রথম ময়নাতদন্ত হওয়ার পর গত ২৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে এটাকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।
ওই প্রতিবেদন চ্যালেঞ্জ করে ২৫ নভেম্বর আদালতে গেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গেলে বিচারক বিকাশ কুমার সাহা যশোরের সিভিল সার্জনকে লাশ তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ দেন।
